আগামী ক’দিন টি-টোয়েন্টি ইনিংস খেলবে বৃষ্টি! নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, কোন কোন জায়গা ভিজবে?

এখনই শেষ হচ্ছে না বৃষ্টির গল্প। আপাতত ১৭ই সেপ্টেম্বর পর্যন্ত এই গল্প চলতে পারে বলে পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। গতকাল বুধবার বৃষ্টিতে ভিজেছে রাজ্যের উত্তর থেকে দক্ষিণের একাধিক জেলা। আজ, বৃহস্পতিবার ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়।

বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হুগলী, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। শুক্রবারও হুগলী, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূমের কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত দেখা দিতে পারে বলেই অনুমান করা হচ্ছে।

নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বঙ্গোপসাগরে। মৌসুমী অক্ষরেখা আবার সক্রিয় হয়েছে বাংলায়। তার জেরেই মূলত আকাশ মেঘলা থাকবে গোটা রাজ্যের। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে সমুদ্রে হাওয়ার গতিবেগ থাকবে ঘন্টায় ৩৫ থেকে ৫৫ কিলোমিটার। এর জন্য শুক্রবার এবং শনিবার মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

উত্তর উত্তরবঙ্গেও চলবে বৃষ্টিপাত। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ, বৃহস্পতিবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি ,মালদা এবং উত্তর দিনাজপুরে। আগামীকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে। ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে মালদা জেলায়। কোচবিহার, জেলার আলিপুরদুয়ার এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

কলকাতায় মূলত সারাদিন দেখা যাবে মেঘলা আকাশ। আজ হতে পারে কয়েক পশলা বৃষ্টি। আগামীকাল, শুক্রবার কলকাতায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার পর্যন্ত কলকাতায় দেখা যেতে পারে বৃষ্টির ছবি। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে সর্বোচ্চ জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৮০ শতাংশ ফলে আর্দ্রতাজনিত সমস্যা দেখা দেবে।

Debdut Bhattacharjee

আরও পড়ুন

RELATED Articles