রাজ্যে তথা গোটা দেশে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রতিদিন আড়াই লাখের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন এই মারণ ভাইরাসে। পরিস্থিতি যে ভয়ানক রূপ নিয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। এরই মধ্যে, রেলেও কোপ বসিয়েছে করোনা। আক্রান্ত হয়েছেন একের পর এক রেলকর্মী, চালক ও গার্ড। এবার এই সংক্রমণ ঠেকাতে উদ্যোগী হল পূর্ব রেল।
আরও পড়ুন- ফের করোনার জেড়ে রাজ্য জুড়ে বন্ধ হতে চলেছে স্কুল
জানা গিয়েছে, শিয়ালদহ শাখায় ২৯টি ট্রেন বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে।এর জেরে সমস্যায় পড়তে পারেন নিত্যযাত্রীরা। তবে নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। করোনার দ্বিতীয় ঢেউয়ে রেল পরিষেবা কীভাবে চলবে, তা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে বৈঠক করবেন রেল আধিকারিকরা, এমনটাই জানা যাচ্ছে।
এর আগেও করোনার দাপট বাড়তে থাকায় শিয়ালদহ, হাওড়া শাখার বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল করার ভাবনাচিন্তা চলছিল রেলের অন্দরে। বিশেষ সতর্কতা নিতে বলা হয়েছিল চালক, গার্ডদের। তবে সেসময় কোনও ট্রেন শেষ পর্যন্ত বাতিল করা হয়নি। গত কয়েকদিন ধরে রাজ্যে করোনা সংক্রমণ বাড়ছে হু হু করে। লোকাল ট্রেন, প্ল্যাটফর্মে মাস্ক পরা বাধ্যতামূলক। নইলে আর্থিক জরিমানা পর্যন্ত হতে পারে, এমন নির্দেশিকাও জারি হয়েছে রেলের তরফে। কিন্তু তারপরও জনসচেতনতা তৈরি হয়নি। তারউপর একের পর এক গার্ড, চালকের শরীরে থাবা বসাচ্ছে করোনা ভাইরাস। ফলে এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই হল। শিয়ালদহ শাখায় ২৯ টি লোকাল ট্রেন বাতিল করা হল। এছাড়া দূরপাল্লার ট্রেনের যাত্রীদের ক্ষেত্রে আরটি-পিসিআর রিপোর্ট বাধ্যতামূলক। রেলে আইসোলেশন কোচের ব্যবস্থা হবে কীভাবে? তা নিয়েও ভাবনাচিন্তা হচ্ছে রেলের তরফে।
আরও পড়ুন- ফের লকডাউন? অমিত শাহ্’র উত্তরে বাড়ল জল্পনা
করোনা মোকাবিলার জন্য রাজ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই, মঙ্গলবার থেকে ফের বন্ধ করা হয়েছে রাজ্যের নানান স্কুল। এই মুহূর্তে করোনার জন্য রাজ্য কী কী ব্যবস্থা নিয়েছে, তা জানতে চেয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তবে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে রাজ্যে এখনই লকডাউন হচ্ছে না।





