বাম আমলের শেষের দিকে পশ্চিমের রাজ্যগুলি তো বটেই এমনকি, কলকাতা ও এর সংলগ্ন এলাকাতেও বেশ বাড়তে দেখা যায় মাওবাদী কার্যকলাপ। রাজ্যে পালাবদলের পর তা ধীরে ধীরে কমে ঠিকই। কিন্তু কিছু মাস আগেই ফের জঙ্গলমহলে একের পর এক মাওবাদী পোস্টার উদ্ধার হয়। তবে তা-ও এখন থেমে গিয়েছে। কিন্তু এরই মধ্যে ঘটল এক ঘটনা।
আজ, মঙ্গলবার হঠাৎই খড়দহ স্টেশনে দেখা গেল মাওবাদী পোস্টারের। খড়দহ স্টেশনের ১ ও ৪ নম্বর প্ল্যাটফর্ম ছেয়ে গেল মাওবাদী পোস্টারে। সেসব পোস্টার ছিঁড়ে দেয় জিআরপি। তবে সেই পোস্টারে যেসমস্ত স্লোগান লেখা ছিল, তা নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে।
আগামী ২২ এপ্রিল রুশ বিপ্লবের নেতা লেনিনের জন্মদিন। এই পোস্টারগুলিতে ২২ এপ্রিলে লেনিনের নামে শপথ হিসাবে স্লোগান লেখা ছিল। ওই পোস্টারেই লেখা, “ঘরে ঘরে বেকার, বাজারে আগুন, ইভিএম ছুড়ে ফেলে আবার জাগুন”। আবার এও লেখা, “সংখ্যালঘু জনগণ, বাঁচাতে তাদের মান ও প্রাণ, দিচ্ছি দেব অস্ত্রে শান”।

রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণার জন্যই যে এই স্লোগান দেওয়া পোস্টার সাঁটানো হয়েছে, তাতে কোনও দ্বিমত নেই। তবে এই পোস্টার নিয়ে বেশ রাজনৈতিক তরজা শুরু হয়েছে।
এই বিষয়ে খড়দহের তৃণমূল নেতা দিব্যেন্দু মজুমদার বলেন, “মাওবাদী বলে কিছু নেই। কিছু অসাধু লোক এলাকায় আতঙ্ক তৈরি করার জন্য এসব করছে”।
এই বিষয়ে বিজেপি নেতা কিশোর কর বলেন, “মার্ক্সবাদ-লেনিনবাদ অপ্রাসঙ্গিক। মাওবাদীরা ধ্বংসাত্মক শক্তি। তাদের চিহ্নিত করা প্রয়োজন”।





