এবার মা ক্যান্টিনে মিলবে নতুন মেনু, পাঁচ টাকায় ভাত, ডিমসিদ্ধ, সবজি ছাড়া আর নতুন কী পাওয়া যাবে?

২০২১ সালের ১৫ই অক্টোবর শুরু হয়েছে মা ক্যান্টিনের পথ চলা। কার্যত পথচলতি মানুষে, ফুটপাতবাসী ও অফিস যাত্রীদের কথা মাথায় রেখেই শুরু হয়েছিল এই মা ক্যান্টিন। সস্তায় পুষ্টিকর অথচ পেট ভরা খাবার পেয়ে থাকেন সকলে এই মা ক্যান্টিন থেকে। ৫ টাকা দিয়ে মেলে ভাত, ডাল, সবজি ডিমসিদ্ধ। পথচারীদের কাছে এই মা ক্যান্টিন বেশ ভরসার জায়গা হয়ে উঠেছে। এবার এই মা ক্যান্টিনে এল নতুন পদ।

তীব্র দাবদাহের জেরে পুড়ছে গোটা রাজ্য। তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪০ ডিগ্রি। কিন্তু তাও পেট চালানোর দায়ে রাস্তায় বেরিয়ে কাজ করতেই হয় অসংখ্য মানুষকে। এমন গরমে এবার মানুষের স্বাস্থ্যের কথা ভেবে মা ক্যান্টিনে যুক্ত হল টক ডাল। এবার থেকে ৫ টাকায় মা ক্যান্টিনে মিলবে ভাত, আম দিয়ে টক ডাল, সবজি ও ডিমসিদ্ধ। এই টক ডাল গরমের দিনে শরীরের জন্য খুব ভালো।

এই বিষয়ে জনস্বাস্থ‌্য আধিকারিক অনির্বাণ দলুই বলেন, “কাঁচা আমে থাকে প্রচুর পরিমাণ সাইট্রিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, টারটারিক অ্যাসিড। যা এই তীব্র গরমে রক্তে অম্ল ও ক্ষারের সমতা রক্ষা করে। কাঁচা আম ক্লান্তি দূর করে, হজম ক্ষমতা বাড়ায়। তাই মেনুতে সামান‌্য এই বদল আনা হচ্ছে”।

কলকাতা পুরসভার সমাজকল‌্যাণ ও নগর দারিদ্র দূরীকরণ দফতর সূত্রে খবর,  তীব্র গরমের কারণেই টক ডালের ব্যবস্থা করা হচ্ছে মা ক্যান্টিনে। তাতে বিপুল পরিমাণ মানুষের স্বাস্থ্য ভালো থাকবে। তাদের রসনাতৃপ্তিও হবে। সরকারি হাসপাতালের রোগীর পরিবারের সদস‌্যরাও এই খাবার খেয়ে থাকেন। তাই তাঁদেরও উপকার হবে। বিভিন্ন সরকারি হাসপাতালে মা ক্যান্টিনের ৮টি কেন্দ্র চালু রয়েছে। কলকাতায় ১৩৩টি মা ক্যান্টিন রয়েছে।

তপ্ত গরমের দুপুরে পথচলতি মানুষের কথা ভেবেই এই টক ডালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দফতরের মেয়র পারিষদ মিতালি বন্দ্যোপাধ‌্যায় জানান, “‌হাসপাতালে ভর্তি থাকা রোগীর পরিজনরা এতে উপকৃত হবেন। এই গরমে এমন খাবার তুলে দিয়ে বাংলার মানুষের স্বাস্থ্য ভাল রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার কলকাতা পুরসভায় এই বিষয়ে বৈঠক রয়েছে। সেখানেই চূড়ান্ত হয়ে যাবে কবে থেকে টক ডাল-সহ খাবার পাবেন মানুষজন”। আজ, মঙ্গলবার কলকাতা পুরসভায় এই নিয়ে বৈঠক রয়েছে। সেখানে জানা যাবে মা ক্যান্টিনের মেনুতে কবে থেকে মিলবে এই টক ডাল।

RELATED Articles