বিধানসভা নির্বাচনের আগে যে হারে দলবদল হচ্ছে তাতে কোনও কিছুই আর খুব বেশি আশ্চর্য হওয়ার মতো নয়। আর এবার ঘাটালে গিয়ে তৃণমূল সাংসদ দেব-এর বিজেপিতে যোগদানের জল্পনা উস্কোলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম l
এ দিন ক্ষীরপাই ও ঘাটালের দলীয় কর্মসূচিতে গিয়েছিলেন তিনি। সকালে ক্ষীরপাই টাউন হলে প্রথমে কর্মিসভা করেন তিনি। তারপরে ডাক বাংলো থেকে হালদারদিঘি পর্যন্ত মিছিল হয়। বিকালে ঘাটালের মিছিল শেষে বরদা চৌকানে পথসভাতেও হাজির ছিলেন তিনি। সেখানেই তাঁকে বলতে শোনা যায়, ‘‘প্রতি সপ্তাহে অনেকেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছেন। ঘাটালের সাংসদেরও বিজেপিতে যাওয়া সময়ের অপেক্ষা।’’
প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই গতকাল হয়ে যাওয়া প্রধানমন্ত্রীর হলদিয়া সভায় টলিউড অভিনেতা তথা ঘাটালের সংসদ দেব উপস্থিত থাকতে পারেন বলে একটি টুইট করেছিলেন যুবমোর্চার রাজ্য সভাপতি তথা সাংসদ সৌমিত্র খাঁ।
রাজনীতির সৌজন্যতা বজায় রেখে তাঁর উত্তরে পাল্টা টুইট করে দেব অবশ্য জানিয়ে দিয়েছিলেন, ওই সভায় তিনি থাকছেন না।
এই বিষয়ে দেবের প্রতিক্রিয়া না মিললেও তাঁর সাংসদ প্রতিনিধি রামপদ মান্না বলেন, ‘‘এই বিষয়ে আমি কিছু জানি না।’’ পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের সভাপতি অজিত মাইতিও বলেন, ‘‘এ বিষয়ে আমার কিছু জানা নেই। দলও কিছু জানে না। কেউ কেউ অতি উৎসাহে নিজের মতো করে ভুল তথ্য প্রচার করতে পারে। এতে দলের কোনও ক্ষতি হবে না।’’
ক্ষীরপাইয়ের কর্মসূচিতে কেন্দ্র ও রাজ্য দুই সরকারকেই আক্রমণ করেন সেলিম। তাঁর দাবি, “দিল্লিতে বাতেলা সরকার আর রাজ্যে তোলাবাজের সরকার চলছে। রাজ্যে তো পুরোপুরি লুটপাট চলছে। গত দশ বছরে রাজ্যে নতুন কিছু প্রকল্পে হাত দেয়নি তৃণমূল। বামফ্রন্ট যা করেছিল, সেগুলিই রূপায়িত হয়েছে। আর কিছু না।” এ বার ভোটে তৃণমূল ও বিজেপিকে হারিয়ে বাম জোট নিরঙ্কুশ আসন দখল করবে বলেও দাবি করেন ওই সিপিএম নেতা।





