করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্য পরিদর্শনে প্রতিনিধি দল পাঠাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক। রাজ্যের ৭ জেলায় আসছে ২টি কেন্দ্রীয় প্রতিনিধি দল। মোট ৬টি প্রতিনিধি দল গঠন করেছে কেন্দ্র। তারমধ্যে ২টি করে প্রতিনিধি দল পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্র পরিদর্শন করবে। অন্যদিকে ১টি করে প্রতিনিধি দল যাবে মধ্যপ্রদেশ ও রাজস্থান পরিদর্শনে।
প্রসঙ্গত সচিব পর্যায়ের আধিকারিকদের নিয়ে তৈরি হয়েছে এই প্রতিনিধি দলগুলি। প্রতি দলে ৫ জন করে আধিকারিক রয়েছেন। প্রথম কেন্দ্রীয় প্রতিনিধি দলটি কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের লকডাউন পরিস্থিতি দেখতে যাবেন। দ্বিতীয় দলটি দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলা পরিদর্শন করবে। করোনা ও লকডাউনকে কেন্দ্র করে এই ৭ জেলার সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখবেন প্রতিনধি দলের সদস্যরা। সেইসঙ্গে পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশ দেবেন। প্রসঙ্গত, এই ৭ জেলার মধ্যে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরকে কেন্দ্রের প্রকাশিত ১৭০ জেলার তালিকায় ‘করোনার হটস্পট’ বলে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে কালিম্পং ও জলপাইগুড়ির নাম রয়েছে কেন্দ্রের প্রকাশিত ‘করোনামুক্ত’ ২২ জেলার তালিকায়।
উল্লেখ্য, ইতিমধ্যেই সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে কড়া ভাষায় চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। লকডাউনের নির্দেশিকা কঠোরভাবে পালন করার নির্দেশ দেওয়া হয়েছে চিঠি গুলিতে।





