ছিপছিপে চেহারা, গায়ে সাধারণ শাড়ি ব্লাউজ। শরীরে বয়সের ছাপ স্পষ্ট। ব্ল্যাকবোর্ড জুড়ে পড়ুয়াদের অঙ্ক কষে বুঝিয়ে দিচ্ছেন। যা দেখে সকলে ভাবছেন উনি অবসরপ্রাপ্ত শিক্ষিকা। আসলে তিনি একজন মিড- ডে মিলের রাঁধুনি মাসি।
সম্প্রতি এরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, ওই রাঁধুনি মাসি ব্ল্যাকবোর্ড জুড়ে অঙ্ক কষে যাচ্ছেন এবং পড়ুয়াদের বোঝাচ্ছেন। গায়ে বয়স্কের ছাপ স্পষ্ট। এরকমই দৃশ্য দেখে অবাক সকলে।
জানা যাচ্ছে, তাঁর নাম বিশাখা পাল। তিনি ফারাক্কা চক্রের অধীন নয়নসুখ শ্রীমন্তপাল প্রাথমিক বিদ্যালয়ে তিনি মিড- ডে মিল রান্নার কাজ করে থাকেন। শোনা যায়, তিনি মাঝেমধ্যেই কাজের ফাঁকে চক ডাস্টার তুলে নেন হাতে। তারপর অঙ্ক কষা, কবিতা পাঠ, গান এসব পড়ুয়াদের শেখান। ওই দিন অঙ্কের শিক্ষক পরেশ পাল পরীক্ষার খাতা দেখতে ব্যস্ত থাকায়, বিশাখাদেবী নিজে পড়ুয়াদের অঙ্ক বোঝাতে থাকেন। সেই ঘটনার ভিডিও করেন পরেশ পাল নিজেই। তারপর সেটি সোশ্যাল মিডিয়ায় দিতেই ভাইরাল হয়।
বিশাখা পাল জানিয়েছেন, ছোটবেলায় অভাবের তাড়নায় দশম শ্রেণীর পর আর পড়তে পারেননি। পড়ুয়াদের দেখলে তাঁর ছোটবেলার কথা মনে পরে যায়। বহুদিন পেরিয়ে গেলেও, সেই শিক্ষা মনে রয়ে গেছে। তাই পড়ুয়াদের সেইগুলিই বুঝিয়ে দেন।





