নবদ্বীপে মহারাষ্ট্র ফেরত প্রবাসী শ্রমিকদের বাস লক্ষ্য করে ইঁটবৃষ্টি, পাল্টা পথ অবরোধ শ্রমিকদের

বর্তমান যুগে মানুষের মানবিকতা আছে কিনা সেই নিয়ে প্রশ্ন বারবারই ওঠে। করোনা পরিস্থিতিতেই এই প্রশ্ন বারবারই ঘুরেফিরে আসছে। সে করোনা রোগীর পরিবারদের পাড়ায় এক ঘরে করে দেওয়া হোক, তাদেরকে তীব্র গালিগালাজ করা হোক বা ডাক্তার ও নার্সদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হোক কিংবা সোশ্যাল মিডিয়ার ভুয়ো খবর ছড়ানো, কিছু মানুষ নিজের মান আর হুঁশ যেন এই পরিস্থিতিতে একদম হারিয়ে ফেলছে।

এবার নদীয়া নবদ্বীপের এমন একটা ঘটনায় মানুষের মনুষ্যত্ব নিয়ে উঠল বড় প্রশ্ন। সেখানে প্রবাসী শ্রমিকদের বাসে ছোড়া হল ইট। মারধর করা হয়েছে প্রবাসী শ্রমিকদের। মহারাষ্ট্র ফেরত ওই শ্রমিকরা গ্রামে করোনা ছড়াতে পারেন, এই আশঙ্কায় হয় হামলা।

বৃহস্পতিবার রাতে মহারাষ্ট্র থেকে বাসে নদীয়া ফেরেন প্রবাসী শ্রমিকদের একটি দল। কৃষ্ণনগরে স্বাস্থ্য পরীক্ষার পর তাঁদের গ্রামে ফেরার অনুমতি দেয় প্রশাসন। এর পর বাসে করে নবদ্বীপের চর ব্রহ্মনগর গ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তাঁরা। পথে গৌরনগর মোড়ের কাছে প্রবাসী শ্রমিকদের বাস লক্ষ্য করে ইট ছুঁড়তে শুরু করেন স্থানীয়রা। বাস থামিয়ে তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ। দীর্ঘ বাসযাত্রার পর প্রাণ বাঁচাতে স্থানীয় একটি কোয়ারেন্টাইন সেন্টারে আশ্রয় নেন তাঁরা।

প্রবাসী শ্রমিকদের ওপর হামলার খবর পেয়ে সেখানে পৌঁছন তাঁদের পরিবারের সদস্যরা। এর পর দুইপক্ষের বচসা শুরু হয়। পালটা চরব্রহ্মনগরে পথ অবরোধ শুরু করেন কয়েকজন প্রবাসী শ্রমিক।

প্রবাসী শ্রমিকদের অভিযোগ, প্রশাসনকে আগাম জানিয়ে রাখলেও তাদের গাড়ির নিরাপত্তার কোনও ব্যবস্থা করা হয়নি। প্রবাসী শ্রমিকরা অবরোধ করেছেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় বিডিও। হামলাকারীদের বিরুদ্ধে FIR দায়েরের পরামর্শ দেন তিনি। এর পর ওঠে অবরোধ। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেছেন তিনি।
এহেন অমানবিক ঘটনার কথা শুনে হতবাক হচ্ছেন প্রায় সবাই। এখনতো ভয়ঙ্কর পরিস্থিতিতে আমাদের সবার পাশে সবার থাকার কথা কিন্তু এসব কী হচ্ছে, এসব হওয়াটা কি ঠিক, এমনই প্রশ্ন তুলছেন শুভবুদ্ধিসম্পন্ন মানুষরা।

RELATED Articles

Leave a Comment