করোনার জেরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মানুষের তালিকায় একদম উপরের স্থানে রয়েছে পরিযায়ী শ্রমিকরা। তারা বিগত তিনমাসে কাজ তো হারিয়েছেনই, সেইসঙ্গে নিজেদের মাথার উপর ছাদটাও থাকছে কিনা এই নিয়ে ভীত তাঁরা। এবার জলপাইগুড়ির বানেরহাটার একটি ঘটনা করোনায় পরিযায়ী শ্রমিকদের দুর্দশা আরেকবার প্রকাশ্যে আনল।
সম্প্রতি তামিলনাড়ু থেকে জলপাইগুড়ির বানারহাটের নাথুয়া গ্রামে ফেরেন ৭ পরিযায়ী শ্রমিক। ভিন রাজ্য থেকে আসা এই পরিযায়ী শ্রমিকদের গ্রামে ঢুকতে বাধা দেন গ্রামবাসীরা। এদিকে গ্রামে কোয়ারেন্টাইন সেন্টারের অভাবে খোলা আকাশের নীচে রাত কাটাতে বাধ্য হলেন এই শ্রমিকরা। প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগও উঠল। এই ঘটনা ঘিরে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজাও।
তাঁদের অভিযোগ, প্রশাসনের তরফে কোনও কোয়ারেন্টাইন সেন্টারের ব্যবস্থা করা হয়নি। সেই কারণে খোলা আকাশের নীচে রাত কাটিয়েছেন ওই পরিযায়ী শ্রমিকরা।
জেলাশাসক অভিষেক তিওয়ারি জানিয়েছেন, নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে সম্ভবত নাম নথিভুক্ত না করিয়েই, নিজেদের উদ্যোগে গ্রামে ফেরেন ওই শ্রমিকরা। সেই কারণেই এই ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেছেন। দ্রুত ওই শ্রমিকদের কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।





