অঙ্গভঙ্গিতে ঠিক যেন অনুব্রত মণ্ডল, তৃণমূল নেতার পাশে বসেই তাঁকে নকল করলেন মিমিক্রি শিল্পী, হেসেই খুন ‘কেষ্টদা’

হাবেভাবে ঠিক যেন অনুব্রত মণ্ডল। তবে আসলে তিনি অনুব্রত মণ্ডল নন। তিনি মিমিক্রি শিল্পী সাজিদ খান। অনুব্রত্র অঙ্গভঙ্গি নকল করে সকলকে হাসাতে পারদর্শী তিনি। এবার খোদ অনুব্রত মণ্ডলের পাশে বসেই তাঁকে অনুকরণ করলেন সাজিদ। তাঁর এই ভাবভঙ্গি দেখে নিজের হাসি চেপে রাখতে পারলেন না অনুব্রতও।

গতকাল, রবিবার বীরভূম জেলার বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে গিয়েছিলেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সেখানে হাজির হয়েছিলেন মিমিক্রি শিল্পী সাজিদ খানও। অনুব্রত মণ্ডলকে নকল করে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছেন তিনি। তাঁর নানান ভিডিও লক্ষ লক্ষ ভিউ পেয়েছে।

এবার অনুব্রত মণ্ডলের পাশে বসেই তাঁকে নকল করে দেখালেন সাজিদ। সাজিদের মধ্যে নিজের প্রতিচ্ছবি ফুটে উঠতে দেখে হাসি চাপতে পারলেন না অনুব্রত। মুচকি মুচকি বেশ হাসতে দেখা গেল তৃণমূল নেতাকে। তৃণমূল দলীয় কার্যালয়ের কর্মকর্তারাও সাজিদের এই মিমিক্রি দেখে হেসে খুন।

সাজিদ বোলপুরের কাশীপুর এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরেই তিনি অনুব্রতকে অনুকরণ করে নানান ভিডিও তৈরি করছেন। তাঁর একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়াও ফেলেছে। সাজিদ জানান তিনি ২০২১ সালে প্রথম বার অনুব্রতকে অনুকরণ করে টিকটক অ্যাপে একটি ভিডিও শেয়ার করেন। তাঁর একটি ভিডিও ইতিমধ্যেই ১০ লক্ষ নেটিজেনের পছন্দ হয়েছে। এর পাশাপাশি, ইউটিউব বা ফেসবুকেও ভাইরাল হয়েছে তাঁর একাধিক ভিডিও।

সাজিদের কথায়, “তৃণমূল পার্টি অফিসে অনুব্রত মণ্ডলের সঙ্গে ব্যক্তিগত কাজে দেখা করতে এসেছিলাম। সেখানেই অনুব্রতবাবু বলেন যে তিনি আমার ভিডিও দেখেছেন। এর পর তাঁকে অনুকরণ করে একটা ভিডিও করার অনুরোধও করেন। তাই অনুব্রতবাবুর পাশে বসেই একটি ভিডিও করলাম। ইতিমধ্যেই তা ভাইরাল হয়েছে। অনুব্রতবাবুর পাশে বসে কাজ করতে পেরে খুব খুশি। তাঁকে হাসাতে পেরে ভালো লাগছে”।

আরও অন্যান্য খবর