নাড্ডার বঙ্গ সফরে উত্তপ্ত হয়ে উঠল বঙ্গ রাজনীতি। গতকাল সফরের শেষদিনে
ডায়মন্ড হারবার যাওয়ার পথে বিজেপির সর্বভারতীয় সভাপতির কনভয়ে হামলা হয়। আর তারপর থেকেই ভোট-পূর্ববর্তী বাংলায় শুরু হয় জোর তরজা। উত্তপ্ত হয়ে ওঠে রাজনীতির ময়দান।
বাংলার বিরুদ্ধে বড়সড় পদক্ষেপের ইঙ্গিত দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের। রাজ্যের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গতকালই বাংলার রাজ্যপালের কাছে রিপোর্ট তলব করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
কালবিলম্ব না করে রাজ্যপাল জগদীপ ধনখড় স্বরাষ্ট্রমন্ত্রকে নিজের রিপোর্ট পাঠিয়ে দিয়েছেন। সুত্র মারফত খবর সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, নাড্ডা-সহ অন্যান্য বিজেপি নেতাদের উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করেনি রাজ্যের পুলিশ। এবং সার্বিকভাবেই তা রাজ্যের নিরাপতার পক্ষে যথেষ্ট আশার ব্যাপার নয়।
জানা গেছে, রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছ থেকে এই রিপোর্ট হাতে পাওয়ার পরই রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও ডিজিপি বীরেন্দ্রকে তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। আগামী ১৪ই ডিসেম্বর তাঁদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। স্বরাষ্ট্রমন্ত্রক মনে করছে, রাজ্যের নিরাপত্তার দায় মুখ্যসচিব এবং ডিজিপির। দলগত বা মতাদর্শগত পার্থক্যের জন্য কোনও ভিআইপির নিরাপত্তার সঙ্গে আপস করা যাবে না। ইতিমধ্যেই ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সাতজনই গতকাল হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল সুত্রের খবর। গতকাল রাতভর তল্লাশি চালানো হয়েছে ডায়মন্ড হারবারের বহু এলাকায়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে অন্য দুষ্কৃতীদের সম্পর্কে তথ্য জোগাড় করার চেষ্টা করছে পুলিশ।






