বিপাকে জুকারবার্গ! জোড়া মামলা দায়ের তাঁর বিরুদ্ধে, বেচতে হতে পারে ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ

কঠিন আইনি গেঁড়োয় বিশ্বের সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া জায়েন্ট মার্ক জুকারবার্গ। জোড়া মামলা দায়ের করা হয়েছে জুকারবার্গের বিরুদ্ধে। আইনি জটিলতা এতটাই বেশি যে এর জেরে হয়ত ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ বিক্রি করতে হতে পারে তাঁকে।

জানা গিয়েছে, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মালিকানা কেনার সময় বিক্রেতা সংস্থাগুলির কাছে কোনও বিকল্প রাখেনি ফেসবুকের কর্ণধার। সংস্থা বিক্রি করতেই হবে, নয়ত ঘোর বিপদ, কার্যত এই মর্মে একরকম চাপে ফেলে তাদের থেকে ইনস্টগ্রাম ও হোয়াটসঅ্যাপের মালিকানা কিনে নেন জুকারবার্গ। এর ফলে প্রতিযোগী সংস্থাগুলি যারা ওই দুই সংস্থা কিনতে উদ্যোগী ছিলেন, তারা লড়াইতে অংশই নিতে পারেননি। এই অভিযোগ দেখিয়েই ফেসবুকের বিরুদ্ধে বুধবার দুটি মামলা দায়ের করা হয়েছে। মার্কিন ফেডেরাল ট্রেড কমিশন মর্মে এই কথাই জানানো হয়েছে।

এইবছর আইনি জটিলতায় পড়েছিল গুগলও। এবার পালা ফেসবুকের। এই ইনস্টাগ্রাম ও  হোয়াটসঅ্যাপ থেকে জুকারবার্গের সংস্থার লাভের বেশিরভাগ অংশই আসে। তাই এই দুই সংস্থা হাত থেকে বেরিয়ে গেলে বেশ ক্ষতির সম্মুখীন হবে ফেসবুক। এই ইঙ্গিতও ইতিমধ্যেই মিলেছে বলে জানা গিয়েছে। গত বুধবার সংস্থার শেয়ার নেমে আসে ৪ শতাংশে। যা এই বছরে ৩৫ শতাংশের উপর ছিল।

প্রসঙ্গত, ২০১২ সালে ১০০ কোটি মার্কিন ডলার দিয়ে জুকারবার্গ ইনস্টাগ্রাম কেনে ও ২০১৪ সালে ১৯০০ কোটি মার্কিন ডলারে হোয়াটসঅ্যাপ। নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল অভিযোগ করেন, “এক দশকের বেশি সময় ধরে এই মিডিয়া ব্যবসা একচেটিয়া ভাবে চালাচ্ছে ফেসবুক। এবং ছোট সংস্থাগুলিকে হটিয়ে দিয়েছে। ফলে নিজেদের একক ব্যবসা চালাতে সুবিধা পাচ্ছে”। কিন্তু এবার এই জোড়া মামলার ধাক্কা সামলে ফেসবুক কতটা ঘুরে দাঁড়াতে পারবে, এখন সেটাই দেখার।

আরও অন্যান্য খবর