এক অলৌকিক ঘটনা। পুকুরের জলে ভেসে উঠল পাথরের কালী মূর্তি। জল থেকে মূর্তি তুলে পুজো করতে মেতে উঠলেন বাসিন্দারা। সোমবার এই আশ্চর্য ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরের ১৬ নম্বর ওয়ার্ডের বক্তার ঘাট সংলগ্ন একটি পুকুরে। জানা গিয়েছে, রবিবার পুকুরটি সংস্কারের কাজ করা হয়। স্থানীয়দের দাবি, সেই সময়ে পুকুর পরিষ্কার করা শ্রমিকরা এই মূর্তি দেখতে পাননি।
সোমবার সকাল আটটা নাগাদ পুকুরের ধারে ওই মূর্তিটিকে দেখতে পান স্থানীয়রা। স্থানীয়রা জানতে পেরেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়।জলে কালী মূর্তি ভাসতে দেখতে অবাক স্থানীয়রা। অবশ্য সাধারণ কালী মূর্তির মতো এই মূর্তি নয়। যে মূর্তি পাওয়া গিয়েছে তার রূপ কোমল।
আশেপাশের এলাকা থেকে এই মূর্তি দেখতে আসছেন অনেকে। এলাকার বাসিন্দারা কালী মূর্তিটি পরিষ্কার করে দুধ দিয়ে অভিষেক করেন। কালী মূর্তিটির পুজো করা শুরু হয়। অনেককে প্রণামী দিতেও দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, “তাঁরা এই মূর্তি নিয়মিত পুজো করবেন। ভক্তরা সাহায্য করলে মন্দির স্থাপন করে পুজো চালিয়ে যাবেন।”
স্থানীয় এক বাসিন্দা বলেন, “রবিবার পুকুর পরিষ্কারের কাজ হয়েছিল। কিন্তু তখন এই মূর্তি কোনও রকম ভাবেই আমাদের নজরে পড়েনি। সোমবার সকালে পুকুরের ধারে ওই মূর্তিটিকে দেখা যায়। এরপরে আমরা মায়ের মূর্তি তুলে পূজার্চনা শুরু করি। সবাই মিলে যদি চাই, তাহলে মায়ের একটা মন্দিরও তৈরি করা যেতে পারে।”
অপর এক স্থানীয় বাসিন্দার কথায়, “ব্যাপারটা পুরো মায়ের আবির্ভাব। মা তো বলে কয়ে আসে না। কখন কোথায় কিভাবে আসে কেউই জানে না। পরিষ্কার করা হয়েছে বলেই মা এসেছেন।” অন্য এক স্থানীয় বাসিন্দা বলছেন, “মায়ের আরাধনা করতে চাই। মন্দির করতে পারলে ভালো হয় কেউ যদি সাহায্য করেন তার কাছে খুবই কৃতজ্ঞ থাকব আমরা।”
শান্তিপুরের এমন চাঞ্চল্যকর ঘটনায় অবাক কালী ভক্তরা। পুকুরের জলে ভেসে উঠেছে পাথরের কালী মূর্তি। এখনই কালি মূর্তি কে নিয়ে তারা কি করেন এখন সেটাই দেখার। মন্দির তৈরীর পরিকল্পনা রয়েছে। বাধা হয়ে দাঁড়াচ্ছে অর্থ। কেউ অর্থ সাহায্য করলে তারা মন্দির পরিকল্পনার কথা ভাববেন।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!