সামনেই পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)। এর আগে দলীয় কর্মীদের চাঙ্গা করতে শহরে এলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। আজ, মঙ্গলবার পৌনে ১১টা নাগাদ দমদমে বিমানবন্দরে নামেন তিনি। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান যে কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে যে কাজ দিয়েছে, তিনি সেইমতোই কাজ করবেন। জেলায় জেলায় ঠাসা কর্মসূচি (campaign) রয়েছে তাঁর।
বুথ স্তরে যদি সংগঠন দুর্বল হয়, তাহলে পঞ্চায়েত ভোটে লড়াই করাটা কঠিন হয়ে পড়বে। গেরুয়া শিবির বুথ সংগঠনকে সেভাবে শক্তিশালী করে উঠতে পারেনি। বঙ্গ বিজেপির নেতারাও অবশ্য তা স্বীকারও করে নিয়েছেন।
আর সেই দুর্বল সংগঠনকেই শক্ত করতে পঞ্চায়েত নির্বাচনের আগে বাংলায় পদ্ম ব্রিগেডের তুরুপের তাস এখন তারকা প্রচারক মিঠুন চক্রবর্তী। তাঁকে দিয়ে জেলা সফর করানোর কর্মসূচি স্থির করেছেন সুকান্ত মজুমদার, অমিতাভ চক্রবর্তীরা। কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বও ‘মহাগুরু’কে তেমনই নির্দেশ দিয়েছেন।
বেশ বড় চ্যালেঞ্জ নিয়েই এবার বাংলায় পা রেখেছেন মিঠুন চক্রবর্তী। ২৩শে নভেম্বর অর্থাৎ আগামীকাল থেকেই শুরু হবে তাঁর কর্মসূচি। পুরুলিয়া থেকে শুরু তাঁর সম্মেলন। কোথায় কোনদিন সভা করছেন মহাগুরু, দেখে নেওয়া যাক এক ঝলকে-
- ২৩ নভেম্বর– পুরুলিয়া জেলা পঞ্চায়েত কার্যকর্তা সম্মেলন
- ২৪ নভেম্বর– বাঁকুড়া জেলা পঞ্চায়েত কার্যকর্তা সম্মেলন
- ২৫ নভেম্বর– বিষ্ণুপুর জেলা পঞ্চায়েত কার্যকর্তা সম্মেলন
- ২৬ নভেম্বর– আসানসোল জেলা পঞ্চায়েত কার্যকর্তা সম্মেলন
- ২৭ নভেম্বর – বোলপুর জেলা পঞ্চায়েত কার্যকর্তা সম্মেলন
এর মধ্যে বেশিরভাগ জায়গাতেই বিজেপির সংগঠন অনেকটা মজবুত। তবে সবথেকে গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে শেষদিন অর্থাৎ ২৭শে নভেম্বর। সেদিন অনুব্রতর গড় বোলপুরে সভা করবেন তিনি। অনুব্রত অবশ্য এখন জেলে রয়েছেন। এমন পরিস্থিতিতে বোলপুরের বাসিন্দাদের উদ্দেশে মিঠুন কী বার্তা দেন, এখন সেটাই দেখার।






