‘ক্ষমতা থাকলে আপনাদের জিভ টেনে ছিঁড়ে নিতাম’, পঞ্চায়েত নির্বাচনের আগে ফের বিজেপিকে হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক ইদ্রিস আলির

সামনেই পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)। শাসক দলের শীর্ষ নেতৃত্বের তরফে বারবার ভাষা প্রয়োগ করা নিয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। কিন্তু কে শোনে কার কথা? তৃণমূল নেতারা বারবার একের পর এক বিতর্কিত মন্তব্য করেই যাচ্ছেন। সম্প্রতি মন্ত্রী অখিল গিরিকে (Akhil Giri) নিয়ে যে বিতর্কের আঁচ লেগেছিল তার রেশ না মিটতেই ফের বিতর্কিত মন্তব্য করে বিজেপিকে (BJP) হুঁশিয়ারি শানালেন তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি (Idrish Ali)।

গতকাল, সোমবার রাষ্ট্রপতিকে করা অখিল গিরির মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিধানসভায় বিক্ষোভ দেখায় বিজেপি। মুলতুবি প্রস্তাব আনা হয় বিরোধীদের তরফে। সেই প্রসঙ্গেই জিভ টেনে ছিঁড়ে নেওয়ার হুঁশিয়ারি দিলেন মুর্শিদাবাদের ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি। তাঁর কথায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৎ ও দক্ষ সাংগঠনিক। ২০২৪-এর লোকসভা নির্বাচন মমতাই প্রধানমন্ত্রী হবেন বলে দাবী করেন ইদ্রিস।

তাঁর কথায়, “বিধানসভার স্পিকার খুব ভালো মানুষ। আমি যদি ওই জায়গায় থাকতাম, আর আমার যদি ক্ষমতা থাকত, তাহলে আপনাদের জিভগুলো টেনে ছিঁড়ে নেওয়া হত, যাতে আপনারা হইহই করতে না পারেন”। সাম্প্রতিককালে বিজেপি নেতারা একাধিকবার দাবী করে এসেছেন যে ডিসেম্বরেই তৃণমূল সরকারের পতন হবে। সেই প্রসঙ্গে ইদ্রিস আলি স্পষ্ট বলেন, “মমতা বন্দ্যোপাধ্য়ায় যতদিন বেঁচে আছেন, ততদিন তৃণমূল ক্ষমতায় থাকবে”।

শুধু ইদ্রিস আলিই নয়, এই একই ধরণের মন্তব্য করেন উত্তর ২৪ পরগণার তৃণমূল নেতা সজল দাসও। তিনি বলেন, “বিজেপির নেতারা সভা করে তৃণমূলকে কটাক্ষ করে যা বলে যাচ্ছেন, তা আমরা মেনে নিতে পারছি না। আমাদের নেত্রী মমতা ও নেতা অভিষেক সম্পর্কে অশ্লীল কথা বললে, আমি জিভ কেটে ফেলে দেব, স্ট্রেচারে করে বাড়ি যেতে হবে, হেঁটে যেতে পারবে না”।

শাসক দলের নেতাদের এহেন মন্তব্যের প্রসঙ্গে বিজেপি নেতা গৌরীশঙ্কর ঘোষ বলেন, “আমরা এরকম হুমকিতে বিশ্বাস করি না। অনুব্রতকেও অনেক হুমকি দিতে শুনেছি। যে নেতারা এসব বলছেন, তাঁদেরও আগামীদিনে এরকমই অবস্থা হবে”।

RELATED Articles