আচমকাই অসুস্থ হয়ে পড়লেন মিঠুন চক্রবর্তী, বিজেপি নেতাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলেন তৃণমূল বিধায়ক

শনিবার সকালে আচমকাই অসুস্থ হয়ে পড়লেন বর্ষীয়ান অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে। চিকিৎসা চলছে তাঁর।

কী ঘটেছে ঘটনাটি?

জানা গিয়েছে, আজ, শনিবার সকালে ছবির শুটিংয়ে ছিলেন মিঠুন চক্রবর্তী। শুটিং ফ্লোরেই হঠাৎ অসুস্থ বোধ করতে থাকেন তিনি। বেশ অস্বস্তি হতে থাকে তাঁর। সেখানেই বসে পড়েছিলেন। এরপরই তাড়াতাড়ি করে অভিনেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জানা গিয়েছে, বর্ষীয়ান এই অভিনেতার চিকিৎসার জন্য একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন সেই টিমে। এমআরআই করা হয়েছে মিঠুনের। আরও বেশ কিছু পরীক্ষা হবে তাঁর। কী কারণে তিনি অসুস্থ হয়ে পড়লেন, তা এখনও জানা যায়নি। স্মস্র শারীরিক পরীক্ষার রিপোর্ট দেখেই চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা, এমনটাই খবর।  

প্রসঙ্গত, তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী প্রযোজনায় ‘শাস্ত্রী’ নামের ছবিতে কাজ করছেন মিঠুন চক্রবর্তী। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে দেবশ্রী রায় ও সোহমকেও। সেই ছবিরই শুটিং চলছিল শনিবার সকালে। এদিন মিঠুন অসুস্থ হয়ে পড়ার সময় তাঁকে নিয়ে নিজেই হাসপাতালে যান সোহম।

উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি গত কয়েক বছর ধরে রাজনীতিতেও যোগ দিয়েছেন মিঠুন চক্রবর্তী। একুশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন তিনি। বর্তমানে সেভাবে সক্রিয় রাজনীতিতে তাঁকে দেখা না গেলেও মাঝেমধ্যেই বিজেপির হয়ে কথা বলতে শোনা যায় তাঁকে। তবে রাজনীতির মধ্যেও সমানভাবে অভিনয় চালিয়ে যাচ্ছেন মহাগুরু।

আরও অন্যান্য খবর