বিদায়ের ঘণ্টা প্রায় বেজেই গিয়েছিল বলা যায়। কিন্তু শেষ মুহূর্তে নিভে যাওয়া প্রদীপের মতো দপ করে যেন জ্বলে উঠে নিজের জানান দিল শীত। পশ্চিমের জেলাগুলিতে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এরই মধ্যে ফের বাংলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানাল আলিপুর আবহাওয়া দফতর।
আজ, শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। গতকাল, শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি। তবে আগামী সপ্তাহের শুরুর দিকেই ২ থেকে ৩ ডিগ্রি বেড়ে যাবে তাপমাত্রা। আর এরপর থেকেই ক্রমেই ঊর্ধ্বমুখীই থাকবে তাপমাত্রার পারদ।
কী পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস?
হাওয়া অফিস সূত্রে খবর, আজ, শনিবার পুরুলিয়া-সহ পশ্চিমের জেলাগুলিতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল, রবিবার থেকে ধীরে ধীরে বাড়তে শুরু করবে তাপমাত্রা। সোমবারের মধ্যে তাপমাত্রা বেড়ে যাবে তিন থেকে চার ডিগ্রি। এরই মধ্যে থাকবে মেঘলা আকাশ। আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কোথায় কোথায় হতে পারে বৃষ্টি?
হাওয়া অফিস জানাচ্ছে, সরস্বতী পুজো পর্যন্ত হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, নদিয়া জেলায় শীতের আমেজ বজায় উত্তুরে হাওয়ার কারণে সকাল ও সন্ধ্যাযর পর থেকে তাপমাত্রা বেশ খানিকটা নামবে। মঙ্গলবারের পর হালকা বৃষ্টি হতে পারে বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলায়। বিহার ও ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলি ভিজতে পারে বৃষ্টিতে।
উত্তরবঙ্গের আবহাওয়ার কী খবর?
আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গের দার্জিলিংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী চার-পাঁচ দিন আবহাওয়া মোটামুটি শুষ্কই থাকবে। তবে উত্তরের জেলাগুলিতে সকালের দিকে কুয়াশার ঘনঘটা থাকবে। বিশেষ করে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় কুয়াশার দাপট থাকবে।





