বড় বদল এল রাজ্য বিজেপিতে! গেরুয়া শিবিরের কোর কমিটিতে জায়গা পেলেন মিঠুন চক্রবর্তী, আর কে কে রয়েছেন তালিকায়?

ঘোষণা করা হল রাজ্য বিজেপির কোর কমিটির সদস্যদের নামের তালিকা। এবার রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের মধ্যে জায়গা পেলেন মিঠুন চক্রবর্তীও। একুশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। সেই সময় সেভাবে তাঁকে রাজনীতিতে দেখা না গেলেও, সম্প্রতি ফের তাঁকে বঙ্গ রাজনীতিতে চোখে পড়ছে।

আজ, সোমবার সন্ধ্যায় বঙ্গ বিজেপির কোর কমিটি ঘোষণা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এই তালিকায় রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। এই কমিটিতে এবার সামিল হলেন মিঠুন চক্রবর্তীও।

এ বার মোট ২৪ জনের কোর কমিটি তৈরি করে দিয়েছেন নড্ডা। রাজ্য বিজেপির নেতারাই বলছেন, অতীতে এত বড় কোর কমিটি ছিল না বাংলায়। নতুন এই কমিটিতে প্রাক্তন রাজ্য সভাপতি হিসাবে যেমন রাহুল সিংহ রয়েছেন তেমনই নতুন করে এসেছেন তিন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক, শান্তনু ঠাকুর এবং জন বার্লা। রাজ্যের নেতা হিসাবে আগের কমিটিতেও ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। এ বারও তিনি রয়েছেন। রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী।

কোর কমিটির প্রথম দু’টি নাম সুকান্ত এবং শুভেন্দু হলেও এরপরই রয়েছে দিলীপের ঘোষের নাম। কমিটিতে রয়েছেন স্বপন দাশগুপ্ত, অনির্বাণ গঙ্গোপাধ্যায়। প্রথম বার বিজেপির এমন কমিটিতে জায়গা পেলেন বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা। এ ছাড়া আর দু’জন বিধায়কই রয়েছেন কোর কমিটিতে। অগ্নিমিত্রা পাল ও দীপক বর্মন। যদিও এঁরা দু’জনেই রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক। সেই হিসাবেই তাঁরা রয়েছেন কোর কমিটিতে। বাকি তিন রাজ্য সাধারণ সম্পাদক সাংসদ লকেট চট্টোপাধ্যায়, সাংসদ জ্য়োতির্ময় সিংহ মাহাতো এবং জগন্নাথ চট্টোপাধ্যায়ও রয়েছেন কোর কমিটিতে।

২৪ জনের এই কমিটিতে রয়েছেন ২০ জন সাধারণ সদস্য ও ৪ জন বিশেষ আমন্ত্রিত সদস্য। সেই চারজন হলেন বাংলার দায়িত্বপ্রাপ্ত সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল, কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে এবং দুই সহকারী পর্যবেক্ষক অমিত মালবীয় এবং আশা লাকরা।

RELATED Articles