‘শাহরুখকে সরিয়ে সৌরভকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর করুন’, সৌরভকে নিয়ে সওয়াল করতেই মমতাকে পাল্টা দিলেন শুভেন্দু

বিসিসিআই প্রেসিডেন্ট পদ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) বাদ পড়ার পর থেকেই সেই বিষয়ে রাজনৈতিক রঙ লেগেছিল। এবার সেই আঁচ পড়ল বঙ্গ রাজনীতিতেও। আজ, সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সৌরভের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলেন যে সৌরভকে যেন আইসিসি-তে পাঠানো হয়। এরপরই মমতার এই মন্তব্যের পাল্টা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

বিগত বেশ কয়েকদিন ধরেই চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। গত সপ্তাহেই খবর মেলে যে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদ হারাচ্ছেন ‘প্রিন্স অফ ক্যালকাটা’। তাঁর পরিবর্তে নতুন সভাপতি হবেন রজার বিনি। আর এরপর থেকেই এ নিয়ে নানান আলোচনা শুরু হয়েছে।

গত সপ্তাহেই এক বেসরকারি ব্যাঙ্কের অনুষ্ঠানে এই বিষয় নিয়ে প্রথম মুখ খুলেছিলেন সৌরভ নিজে। তিনি বলেছিলেন যে চিরকাল কেউ প্রশাসক থাকে না। মহারাজ এমন বার্তাও দেন যে আগামীদিনে হয়ত তাঁকে আরও বড় কোনও মঞ্চে দেখা যেতে পারে। তাঁর সেই মন্তব্যকে ঘিরেও নানান জল্পনা শুরু হয়।

এরপর ইডেনে দাঁড়িয়ে সৌরভ জানান যে তিনি সিএবি নির্বাচনে সভাপতি পদে লড়বেন। আর আজ, সোমবার মালবাজারে সফরে যাওয়ার আগে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে এ নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “সুপ্রিম কোর্টের রায় সৌরভের জন্যও ছিল, অমিত শাহের ছেলের জন্যও ছিল। সৌরভ নেই অথচ  বিসিসিআইয়ে থেকে গেলেন অমিতবাবুর ছেলে। সে থাকুন, আমার কিছু আসে যায় না। কিন্তু আমার প্রশ্ন সৌরভকে বাদ দেওয়া হল কেন? আমি এটা জানতে চাই”।

এই বিষয় নিয়ে এতদিন বঙ্গ বিজেপি সেভাবে কোনও কথা না বললেও, আজ মমতার এই মন্তব্যের পর এ নিয়ে তাঁকে পাল্টা জবাব দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সৌরভকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর করার দাবী জানান তিনি। শুভেন্দু বলেন, “সৌরভকে যদি বাংলার রত্ন বলে মনে করতেন মুখ্যমন্ত্রী, তাহলে শাহরুখ খানকে সরিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় কে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর করতেন”।

RELATED Articles