‘মরা অবধি আমার টিআরপি নামাতে পারবি না’, ‘প্রজাপতি বিতর্কে’ মুখ খুলে কুণালকে ‘এলি তেলি গঙ্গারাম’ বলে তোপ মিঠুনের

বর্ষশেষের সময়েই মুক্তি পেয়েছে দেব (Dev) ও মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) অভিনীত ছবি ‘প্রজাপতি’। এই ছবি নন্দনে জায়গা না পাওয়া নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়। বিতর্কের আগুনে ঘি ঢেলেছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। এমনকি, মিঠুনের অভিনয় দক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। সেই সময় কিছু না বললেও এবার অবশেষে ‘প্রজাপতি বিতর্ক’ (Prajapati controversy) নিয়ে মুখ খুললেন খোদ মিঠুন চক্রবর্তী।

আজ, মঙ্গলবার কলকাতা বিমানবন্দরে মিঠুনকে প্রজাপতি বিতর্ক নিয়ে প্রশ্ন করা হলে নিজের ভঙ্গিমাতেই তিনি বলেন, “আমার টিআরপি নামাতে চেয়েছিলি। আর মরা অবধি পারবি না”। এর পাশাপাশি কুণাল ঘোষের বক্তব্য প্রসঙ্গে বর্ষীয়ান অভিনেতা বলেন, “আমি এলি তেলিদের জবাব দিই না। ওসব গঙ্গারামদের কথায় জবাব দিই না”। বলে রাখি, ভোট প্রচারের জন্য বিজেপির তারকা প্রচারক হয়ে ত্রিপুরা যাচ্ছেন মিঠুন চক্রবর্তী। সেখানে যাওয়ার আগেই এমন মন্তব্য করে যান তিনি।

প্রসঙ্গত, ‘প্রজাপতি’ ছবি নিয়ে মিঠুনের অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুণাল ঘোষ। বলেছিলেন, “আমি তো শুনেছি, দেব বেচারা মুখে বলতে পারছে না। ওর তো মিঠুনদাকে নেওয়াটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত হয়ে গিয়েছে। দেব বেচারা একটা সুন্দর ছবি করতে গেল, মিঠুনদার ফ্লপ অভিনয়! ওখানে যদি পরাণ বন্দ্যোপাধ্যায় থাকতেন ফাটাফাটি হয়ে যেত। ওই জায়গাটা একটু অসুবিধা হচ্ছে। ওকেও একটু বলতে হচ্ছে”। তিনি এও বলেছিলেন যে ‘টনিক’ ছবিতে পরাণ বন্দ্যোপাধ্যায় মিঠুনকে ১০ গোল দিয়েছে।

কুণালের এই মন্তব্যের বিরোধিতা করেছিলেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব নিজে। বলেছিলেন, সিনেমা সম্পর্কে কুণাল ঘোষের বিশেষ পড়াশোনা নেই। সিনেমা বিষয়টি তাঁর উপর ছেড়ে দেওয়াই ভালো। এরপরও একাধিকবার মিঠুনকে সমর্থন করে তাঁর হয়ে কথা বলেছেন দেব।

সম্প্রতি আবার নিজের সোশ্যাল মিডিয়াতে ‘প্রজাপতি’ ছবির একটি দৃশ্যের ছবি পোস্ট করেন দেব। তাতে দেখা গিয়েছিল দেব মিঠুনের হাত ধরে কোনও একটা জায়গা থেকে বেরিয়ে আসছেন। সেই ছবি পোস্ট করে দেব ক্যাপশনে লেখেন, ‘এমনি’। সেই ছবি নিয়েও কম চর্চা হয়নি। এবার সেই ছবি বিতর্কে মুখ খুললেন মিঠুন চক্রবর্তী নিজেও।

RELATED Articles