বাংলার রাজনীতি বরাবরই আবেগপ্রবণ। ধর্ম, জাতি, সংস্কৃতি—এই তিনের মিশেলে গড়ে ওঠা বাংলার রাজনীতিতে ভোট এলেই শুরু হয় মেরুকরণের খেলা। কখনও উন্নয়ন, কখনও নিরাপত্তা, আবার কখনও ধর্মকে কেন্দ্র করে প্রচার চালানো হয় ভোটারদের আকৃষ্ট করার জন্য। এই পর্বে এবার বিজেপির হয়ে প্রচারে নেমে বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেতা তথা বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য মিঠুন চক্রবর্তী।
রাজনীতিতে যোগ দেওয়ার পর থেকেই মিঠুন চক্রবর্তী বিভিন্ন সময় নানা বিতর্কিত মন্তব্য করেছেন। তবে এবারের মন্তব্য ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। নব ব্যারাকপুরে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপির বসন্ত মিলন অনুষ্ঠানে বক্তৃতা রাখতে গিয়ে তিনি বলেন, “এখনও ৯ শতাংশ হিন্দু আমাদের ভোট দেন না। এবার ওরা জিতে এলে কিন্তু নির্বংশ করে দেবে।” তাঁর এই বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে শোরগোল।
“বাংলাদেশ ট্রেলার দেখিয়ে দিয়েছে”— কী বলতে চাইলেন মিঠুন?
মঞ্চ থেকে হিন্দু ভোটারদের সতর্ক করে মিঠুন বলেন, “বাংলাদেশ ট্রেলার দেখিয়ে দিয়েছে। এবার যদি আমরা না জিতি, তাহলে পশ্চিমবঙ্গে হিন্দু বাঙালিদের অস্তিত্ব থাকবে না।” যদিও তিনি সরাসরি কোনও বিশেষ দল বা গোষ্ঠীর নাম নেননি, তবে তাঁর বক্তব্য যে বিজেপির বিরোধী দলগুলোর প্রতি ইঙ্গিত করছে, তা বুঝতে বিশেষ সময় লাগেনি। এখানেই থামেননি মিঠুন চক্রবর্তী। তিনি আরও বলেন, “আমি গর্ব করে বলি, আমি সনাতনী। আমরা সনাতনী। যদি ভগবান সনাতনী হিসেবে জন্ম দিয়ে থাকেন, তাহলে মরব সনাতন হিসেবেই। কিন্তু অন্য হাতে মার খেয়ে মরব না।” তাঁর এই বক্তব্যে বিজেপির কট্টরপন্থী হিন্দু ভোটারদের মন জয় করার চেষ্টা স্পষ্ট।
নির্বাচনের আগে ধর্মীয় মেরুকরণ?
মিঠুনের এই মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, বিজেপি ইচ্ছাকৃতভাবে ধর্মীয় মেরুকরণ করছে। তাঁদের অভিযোগ, ভোটের আগে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করতেই এ ধরনের মন্তব্য করা হচ্ছে। যদিও বিজেপির তরফে দাবি করা হয়েছে, মিঠুন আসলে বাংলার বাস্তব পরিস্থিতির কথা বলেছেন।মঞ্চ থেকে বক্তব্য রাখার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিঠুন আরও বলেন, “আমরা জানি, বিজেপি বিরোধী দলগুলো গোপনে মিটিং করছে। কী ভয়ঙ্কর পরিকল্পনা করা হচ্ছে, সেটা প্রকাশ্যে বলতে পারব না। তবে সময় এলেই সব সামনে আসবে।”
আরও পড়ুনঃ Earthquake: এক লহমায় তাসের ঘরের মতো ভেঙে পড়ল শহর! ভয়াবহ ভূমিকম্পে মায়ানমারে ব্যাপক মৃ’ত্যু, আতঙ্কে কাঁপছে কলকাতা!
মিঠুনের মন্তব্য ঘিরে চর্চা, তোলপাড় সোশ্যাল মিডিয়ায়
মিঠুন চক্রবর্তীর এই বক্তব্য ভাইরাল হতেই শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় তুমুল চর্চা। কেউ তাঁর মন্তব্যকে সমর্থন করছেন, কেউ আবার কটাক্ষ করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি নির্বাচনী প্রচারের কৌশল। বিজেপি একদিকে যেখানে উন্নয়নের বার্তা দিচ্ছে, অন্যদিকে ধর্মীয় আবেগও উসকে দিতে চাইছে। তবে মিঠুন চক্রবর্তীর এই বক্তব্য নির্বাচনী প্রচারে কতটা প্রভাব ফেলবে, তা সময়ই বলবে। কিন্তু একথা স্পষ্ট, তাঁর এই মন্তব্য নতুন করে রাজনৈতিক পারদ চড়িয়ে দিয়েছে।





