দমদমে মোদীর তৃতীয় সভা, বছর শেষের আগে আরও ৭ কর্মসূচির প্রস্তুতি বিজেপির

পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, ততই রাজ্যে জোরকদমে চারণ শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আলিপুরদুয়ার আর দুর্গাপুরের পর এবার তাঁর গন্তব্য দমদম। জানা গিয়েছে, অগস্টের তৃতীয় সপ্তাহেই দমদমে আসতে পারেন প্রধানমন্ত্রী। সেখানকার সেন্ট্রাল জেল ময়দানে একটি বড়সড় জনসভা এবং সরকারি প্রকল্পের উদ্বোধনের পরিকল্পনা চলছে পুরোদমে।

এর আগে ২৯ মে আলিপুরদুয়ার আর ১৮ জুলাই দুর্গাপুরে এসেছিলেন মোদী। দুটি ক্ষেত্রেই ছিল প্রশাসনিক এবং রাজনৈতিক—দু’রকম কর্মসূচি। এবার দমদমেও সেই একই ফর্মুলা বজায় থাকবে বলে জানিয়েছে বিজেপির অন্দরমহল। সভামঞ্চের পেছনেই তৈরি হবে প্রশাসনিক সভার পৃথক মঞ্চ, যেখানে প্রথমে প্রধানমন্ত্রী অংশ নেবেন কিছু সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসে।

বিশেষ সূত্রের খবর, দমদমে কলকাতা মেট্রোর কোনও প্রকল্প উদ্বোধনের সম্ভাবনা রয়েছে। যদিও এখনও পর্যন্ত কোন কোন প্রকল্পে মোদীর হাত থাকবে, তা স্পষ্টভাবে জানায়নি প্রশাসন। তবে এই সফরে তাঁর একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করার জোর সম্ভাবনা রয়েছে।

প্রশাসনিক অংশ সেরে, মোদী সরাসরি জনসভার মঞ্চে যাবেন বলে পরিকল্পনা করা হয়েছে। আগের সফরগুলির মতোই এখানে জনজোয়ার ঘটাতে চায় বিজেপি। আলিপুরদুয়ারে প্যারেড গ্রাউন্ড বা দুর্গাপুরে নেহরু স্টেডিয়ামের মতো এখানেও মোদীর ভাষণের উপর ভরসা রাখছে রাজ্য নেতৃত্ব।

আরও পড়ুনঃ TMC news : কল্যাণ সরে যেতেই তড়িঘড়ি নতুন মুখ! কে হলেন নতুন ‘চিফ হুইপ’? কী চলছে ঘাসফুল শিবিরে?

সব মিলিয়ে, চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত মোট ১০টি কর্মসূচিতে রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী মোদী। তার মধ্যে দমদমের সভা তৃতীয়। শুধু তাই নয়, নতুন বছরের শুরুতেই তাঁকে সামনে রেখে ব্রিগেডে এক বিশাল জনসমাবেশের পরিকল্পনাও রয়েছে রাজ্য বিজেপির ঝুলিতে। ভোটের আগে ঘুঁটি সাজাতে তাই কোনও খামতি রাখতে চাইছে না saffron শিবির।

RELATED Articles