Weather update: ঘূর্ণাবর্তে ঘোর বিপদ! একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি!

কয়েকদিন ধরেই রোদের মাঝে আচমকা বৃষ্টি, কখনও আবার সন্ধেয় ঘণ্টার পর ঘণ্টা টানা জল ঝরে যাচ্ছে শহর জুড়ে। তাতে অনেকেই আন্দাজ করেছিলেন, বর্ষা কি তবে ঢুকেই পড়ল রাজ্যে? সেই জল্পনায় এ বার সিলমোহর দিল আলিপুর আবহাওয়া দফতর। সোমবার থেকেই গঙ্গার তীরবর্তী জেলা থেকে শুরু করে উত্তরের চা-বাগান, সর্বত্রই মেঘলা আকাশ, কোথাও কোথাও বৃষ্টিও হয়েছে। ফলে সাধারণ মানুষের মধ্যে চিন্তা বাড়ছে—তাহলে কী ফের দুর্যোগ?

আবহাওয়া দফতরের সূত্রে খবর, মঙ্গলবার থেকেই পুরো রাজ্যে ঢুকে পড়েছে বর্ষা। যদিও উত্তরবঙ্গের অনেক অংশেই আগেই মৌসুমি বায়ুর আগমন ঘটেছিল, তবে দক্ষিণবঙ্গে পৌঁছাতে কিছুটা দেরি করেছিল এই বায়ুপ্রবাহ। কিন্তু একবার রাজ্যে ঢুকে পড়তেই ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্র। ফলে আগামী কয়েকদিন ধরেই রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। তার জেরেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ-পশ্চিম বাংলাদেশের কিছু অংশে মঙ্গলবার ভোরে একটি নিম্নচাপ অঞ্চলের জন্ম হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় সেটি আরও গভীর নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে বলেই মনে করছে আলিপুর আবহাওয়া দফতর। এর ফলে শুধু মঙ্গলবারই নয়, বুধবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস মিলেছে।

বিশেষত উপকূলবর্তী জেলা দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুরে মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বাঁকুড়া ও পূর্ব বর্ধমানে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। বুধবার পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমেও বৃষ্টির দাপট চলবে। দক্ষিণের জেলাগুলিতে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি, উপকূলীয় এলাকায় ঘণ্টায় ৫০ কিমি বেগে দমকা হাওয়ার আশঙ্কা থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে।

আরও পড়ুনঃ Astrology: জুলাই থেকে শুরু সোনার সময়! শনি চলবে উল্টো পথে, ১৩৮ দিন ধরে ৩ রাশির জীবনে আসবে স্বপ্নপূরণের সময়!

উত্তরবঙ্গে বর্ষা ঢুকেছে আরও আগে, তবে দুর্যোগের আঁচ সেখানেও স্পষ্ট। চলতি সপ্তাহে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার এবং বুধবার এই অঞ্চলগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। ফলে আপাতত গোটা রাজ্যজুড়েই বজ্রবিদ্যুৎ ও বৃষ্টির ছত্রছায়ায় কাটতে চলেছে সপ্তাহের অধিকাংশ সময়।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles