Narendra Modi : পাকিস্তান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্টকে কড়া বার্তা! ট্রাম্পকে মোদির সাফ কথা— ভারত তৃতীয় পক্ষ মানে না!

জি-৭ বৈঠকের ফাঁকে বিশ্বরাজনীতির উত্তাল তরঙ্গ ছুঁয়ে গেল ভারত-মার্কিন সম্পর্কেও। দু’দেশের প্রধান নেতার দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা থাকলেও, আচমকাই আমেরিকায় ফিরে যেতে হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। যদিও বৈঠক বাতিল হলেও বন্ধ হয়নি আলোচনা। মার্কিন প্রেসিডেন্টের আগ্রহেই পরে টেলিফোনে যোগাযোগ করেন দুই রাষ্ট্রনেতা। আর সেই ফোনালাপেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কণ্ঠে স্পষ্ট বার্তা— ভারত কোনও তৃতীয় পক্ষের মধ্যস্থতা মেনে নেয়নি, নেবে না।

বুধবার সকালে নয়াদিল্লিতে সাংবাদিক সম্মেলন করে বিদেশ সচিব বিক্রম মিস্রি জানান, প্রায় ৩৫ মিনিট ধরে চলে এই আলোচনাপর্ব। সেই সময় মোদি ‘অপারেশন সিঁদুর’ সম্পর্কে বিস্তারিত জানান ট্রাম্পকে। উল্লেখ্য, মে মাসের গোড়ায় পহেলগাঁও হামলার দিনই শেষবার কথা হয়েছিল দু’জনের। এবার ফোনে মোদি স্পষ্ট করে বলেন, ৭ মে গভীর রাতে সীমান্ত পার করে কেবলমাত্র পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের জঙ্গি ঘাঁটি লক্ষ্য করেই হামলা চালিয়েছিল ভারতীয় সেনা।

ফোনালাপে প্রধানমন্ত্রী মোদি একপ্রকার সরাসরিই জানিয়ে দেন, পাকিস্তানের বিষয়ে ভারতের অবস্থান একেবারেই স্পষ্ট। তিনি বলেন, জম্মু ও কাশ্মীর নিয়ে ভারত কখনওই কোনও রকম তৃতীয় পক্ষের মধ্যস্থতা মেনে নেয়নি, এবং ভবিষ্যতেও মেনে নেবে না। সন্ত্রাসবাদকে ছায়াযুদ্ধ না বলে এখন ভারত তা দেখে খোলাখুলি যুদ্ধ হিসেবেই— এমনটাই জানিয়েছেন মোদি।

বিক্রম মিস্রি জানিয়েছেন, মোদি আরও বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ থামানো নিয়ে একমাত্র আলোচনা হয়েছে ভারত-পাকিস্তানের মধ্যে, তাও পাকিস্তানের অনুরোধেই। ফলে সেখানে মার্কিন মধ্যস্থতার প্রশ্নই ওঠে না। একইসঙ্গে এই কথোপকথনের সময় ভারত-আমেরিকা বাণিজ্যিক চুক্তি নিয়েও কোনও আলোচনা হয়নি বলে জানান মোদি।

আরও পড়ুনঃ Weather update: ঘূর্ণাবর্তে ঘোর বিপদ! একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি!

এই আলোচনাকালে ট্রাম্প প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান আমেরিকা সফরে আসার জন্য। তবে মোদি স্পষ্ট করে জানিয়ে দেন, পূর্ব নির্ধারিত ব্যস্ত সূচির জন্য এখনই সেই সফর সম্ভব নয়। দুই রাষ্ট্রনেতাই ভবিষ্যতে সরাসরি বৈঠকের বিষয়ে সম্মত হন। সব মিলিয়ে আলোচনার পরেও ভারত স্পষ্ট করে দিয়েছে, নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে কোনও বহিরাগত হস্তক্ষেপ তারা চায় না।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles