গরমে হাঁসফাঁস করছে বাংলা। একদিকে উত্তরের জেলাগুলিতে বর্ষা ঢুকে পড়লেও, দক্ষিণের দিকে এখনও দেখা নেই বর্ষার। এই অবস্থায় প্রাক-বর্ষার মরশুমে গরম ও অস্বস্তির সঙ্গে লড়ছে দক্ষিণবঙ্গবাসী। বর্ষা কবে নামবে দক্ষিণে? সপ্তাহের শুরুতেই এই প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের। কারণ গরমের দাপট সামলানোই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। চলতি সপ্তাহে পরিস্থিতি কোনদিকে এগোবে? মিলল গুরুত্বপূর্ণ আপডেট।
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, এই সপ্তাহের প্রথম তিনদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ফলে অস্বস্তিকর গরমের কবলে পড়বে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও মুর্শিদাবাদ সহ একাধিক জেলা। এই সময় শুষ্ক হাওয়া প্রবাহিত হবে, বাড়বে ভ্যাপসা গরমও। সোমবার কিছু উপকূলবর্তী জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
আবহাওয়াবিদদের মত অনুযায়ী, বুধবার থেকে পরিস্থিতিতে খানিক পরিবর্তন দেখা যেতে পারে। সেই দিন বিকেল থেকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সেটাও ছিটেফোঁটা ধরনেরই হবে। এখনও দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর অনুকূল পরিবেশ তৈরি হয়নি। ফলে বড় ধরনের বর্ষার কোনও ইঙ্গিত মিলছে না।
আবহাওয়া দফতরের রিপোর্ট জানাচ্ছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু এখনও দেশের কোথাওই বিশেষ সক্রিয় নয়। বর্ষার অগ্রগতি গত ২৯ মে-র পর থেকে থমকে রয়েছে। যদিও স্যান্ডহেড পর্যন্ত বর্ষা পৌঁছে গিয়েছে। আগামী ১০-১৭ জুনের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটি শক্তি সঞ্চয় করলে পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলের দিকে এগোতে পারে। তবে ১২ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস।
আরও পড়ুনঃ Astrology : বৃহস্পতি-বুধের যুগল সংযোগে বড় পরিবর্তন, ৩ রাশি পাবে অর্থ-বাড়ি-সম্মান, জানুন কারা সৌভাগ্যবান!
কলকাতায় এই সপ্তাহে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। বাড়বে তাপমাত্রা। স্বস্তি পাওয়ার কোনও সম্ভাবনা নেই। বুধবার থেকে কিছুটা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, তাতে গরমের হাত থেকে পুরোপুরি রেহাই মিলবে না। ফলে শহরবাসীকে এখনও কিছুটা সময় গরম এবং আর্দ্রতার সঙ্গে লড়াই করেই চলতে হবে।





