সামনেই পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)। সমস্ত রাজনৈতিক দলগুলি নিজেদের মতো করে ভোটে লড়ার জন্য ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছেন। আর এমন আবহেই এবার বড়সড় ভাঙন হল ঘাসফুল শিবিরে (TMC)। নামখানা (Namkhana) ব্লকের শতাধিক তৃণমূল কর্মী-সমর্থক যোগ দিলেন বিজেপিতে (BJP)।
বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, নানান তৃণমূল নেতা ও তাদের স্ত্রী ও পরিচিত লোকজন যাদের নিজস্ব পাকাবাড়ি রয়েছে, তাদের নাম উঠছে আবাস যোজনার তালিকায়। কিন্তু যারা প্রকৃত ঘরহারা, তাদের নামই নেই ওই তালিকায়। এই নিয়ে দলের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। আর এই অভিযোগকে সামনে রেখেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন একশোর বেশি কর্মী-সমর্থক।
দক্ষিণ ২৪ পরগণার নামখানা ব্লকের অন্তর্গত দক্ষিণ দুর্গাপুর এলাকায় প্রায় ৩০টি পরিবার থেকে শতাধিক তৃণমূল কর্মী ঘাসফুল ছেড়ে পদ্মফুলে যোগদান করেন। তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া লক্ষ্মী পাল বলেন, “আগে তৃণমূলের সমর্থক ছিলাম৷ এবার বিজেপিতে যোগ দিলাম৷ আমাদের ছোট কুঁড়ে ঘর রয়েছে৷ সরকারি প্রকল্পে বাড়ি না পেয়ে এবার আমি বিজেপিতে যোগ দিলাম৷ যারা আগেই ঘর পেয়েছে, তাদের নাম আবারও আবাস প্লাসের তালিকায় এসেছে, অথচ আমরা ঘর পাচ্ছি না”।
তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া আর এক কর্মী উত্তম প্রধান বলেন, “আমরা শতাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী বিজেপিতে যোগ দিলাম৷ কারণ প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর আগেই যারা ইতিমধ্যেই পেয়েছে, তাদের নাম ফের তালিকায় এসেছে৷ অথচ আমাদের নাম আসেনি৷ এরই প্রতিবাদে আমরা একসঙ্গে মিলিত হয়ে বিজেপিতে যোগদান করলাম৷ এবার আমরা সুবিচার পাব বলেই আশা নিয়ে বিজেপিতে যোগ দিলাম”।
এই যোগদান প্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতা অনুপ সামন্ত বলেন, “শতাধিক তৃণমূল কংগ্রেস কর্মী বিজেপিতে যোগ দিয়েছে৷ আবাস যোজনায় বেনিয়মের প্রতিবাদে তাঁরা তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছে৷ তাঁদের সকলের একটাই দাবী, আবাস প্লাসের তালিকায় যারা প্রকৃত প্রাপক তাদের বাদ দিয়ে যাদের ঘর রয়েছে, তাদের নাম এসেছে”।
তাঁর দাবী, আগামীদিনে পঞ্চায়েত নির্বাচনে এই যোগদান লড়াইকে অনেকটাই শক্তি জোগাবে। এই আবাস যোজনার দুর্নীতিরকে সামনে রেখে এই পঞ্চায়েত বিজেপিই পাবে বলে দাবী করেন গেরুয়া শিবিরের নেতা।





