কথা দিয়েছিলেন আর শেষ পর্যন্ত সেই কথা রাখলেনও। ফুটবল বিশ্বকাপে মেসির টিম কাপ জিতে নেওয়ায় বিনামূল্যে বিরিয়ানি বিলি করলেন কেরলের এক রেস্তোরাঁর মালিক। তিনি যাকে বলে মেসির অন্ধ ভক্ত। কথা দিয়েছিলেন যে তাঁর প্রিয় দল যদি বিশ্বকাপ জেতে, তাহলে তিনি ১০০০ প্লেট বিরিয়ানি বিনামূল্যে বিলি করবেন। আর মেসির হাতে কাপ উঠতেই ১০০০ নয়, ১,৫০০ প্লেট বিরিয়ানি বিলি করলেন ওই রেস্তোরাঁর মালিক।
গত রবিবার টানটান ম্যাচে নিজের সেরাটা দিয়ে দেশকে সোনার কাপ এনে দিয়েছেন লিওনেল মেসি। কেরিয়ারের সম্ভবত শেষ বিশ্বকাপে শেষ হাসিটা উঠেছে মেসির মুখেই। এই নিয়ে গোটা বিশ্বে আনন্দের জোয়ার। ভারতেও আর্জেন্টিনা বা বলা ভালো মেসিকে নিয়ে উন্মাদনা কম নেই। আর এদের মধ্যেই একজন হলেন শিবু। তিনি কেরলের ত্রিশূর জেলার রকল্যান্ড রেস্তোরাঁর মালিক।

আর্জেন্টিনা ও ফ্রান্সের ফাইনাল ম্যাচের আগে শিবু ঘোষণা করেছিলেন যে প্রিয় দল যদি বিশ্বকাপ জেতে, তাহলে তিনি বিনামূল্যে হাজার প্লেট বিরিয়ানি দেবেন। যেমন বলা, তেমন কাজ।
গত সোমবার শিবুর দোকানের সামনে দেখা গেল এক লম্বা লাইন। বেশিরভাগই স্কুল ও কলেজের পড়ুয়ারা ছিলেন। লাইন দেখে এক সাংবাদিক শিবুকে প্রশ্ন করেন, সবাইকে খাওয়াতে পারবেন তো? রেস্তরাঁ মালিক জানান, হাজার নয়, দেড় হাজার প্লেট বিরিয়ানির বন্দোবস্ত তিনি করেছেন। ফলে সকলেই তৃপ্তি করে খেতে পারবেন।
ফুটবল প্রেমের আরও এক নজির দেখা গেল কোচি শহরেও। সেখানে আর্জেন্টিনা ও ফ্রান্সের জার্সি গায়ে বিয়ে সারলেন বর-কনে। বর শচিন আর্জেন্টিনার সমর্থক, তাঁর পরনে ছিল মেসির জার্সি আর কনে আথিরা সমর্থন করছিলেন ফ্রান্সকে। তাঁর পরনে ছিল এমবাপের জার্সি। সেই অবস্থাতেই এক হল চারহাত। সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!