ঘটা করে একমাস আগে রাজ্যে গ্লোবাল অ্যাডভাইসরি বোর্ড তো ঘোষণা করেছিলেন, আজ এক মাস হয়ে গেল সেই বোর্ডের কোনো কার্যকলাপ দেখা যাচ্ছে না কেন? ঠিক এইভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আজ পত্রাঘাত করলেন বিজেপি-র রাজ্যসভার সাংসদ ডঃ স্বপন দাশগুপ্ত। তাঁর সেই খোলা চিঠিতে তিনি কিছু ন্যায্য প্রশ্ন তুলেছেন।
আজ থেকে ঠিক একমাস আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের করোনা পরিস্থিতিতে তলানিতে ঠেকা অর্থনীতিকে চাঙ্গা করতে গ্লোবাল অ্যাডভাইসরি বোর্ড স্থাপন করেন। স্বপন দাশগুপ্ত তাঁর বিস্ফোরক চিঠিতে লিখেছেন, এই বোর্ড তৈরি হওয়ার সময় কাগজে পাতাজোড়া রঙিন বিজ্ঞাপন দেওয়া হল। ডিজিটাল মিডিয়াতে এই বোর্ডের ঢাক পেটানো হল। কিন্তু আজ পর্যন্ত এই বোর্ডের কোনো অস্তিত্ব টের পাওয়া গেল না। মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় ভুলে গিয়েছেন তিনি নিজে এই বোর্ড তৈরি করেছিলেন। তাই তাকে মনে করিয়ে দিতেই এই চিঠি বলে জানিয়েছেন সাংসদ।
এই বোর্ড কি এখনও পর্যন্ত কোনো কাজ করেছে? নিদেনপক্ষে একটা ভিডিও কনফারেন্সও কি করেছে? এই প্রশ্ন তুলেছেন স্বপনবাবু।
“মানুষ এই বোর্ডের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করে আছে। এতদিনে নিশ্চয়ই এই বোর্ড কিছু কর্মসূচি নিয়েছে, সেগুলো জানার জন্য রাজ্যের মানুষ উদগ্রীব হয়ে আছে। কারণ এই বোর্ড তৈরির পেছনে সাধারণ মানুষের করের টাকাই তো রয়েছে।” চিঠিতে রীতিমত শ্লেষাত্মক ভঙ্গিতে মুখ্যমন্ত্রীকে বিঁধেছেন এই সাংসদ।
করোনা ভাইরাস একটি সত্যিকারের ‘পাবলিক হ্যাজার্ড’। তাই এই গ্লোবাল অ্যাডভাইসরি বোর্ড এইমুহুর্তে কাজ করুক যা এইসময়ে সবচেয়ে জরুরি বলে অভিহিত করেছেন স্বপনবাবু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন এইদিকে এবার দৃষ্টি দেন তার অনুরোধ জানিয়েছেন তিনি।







