ফের অসুস্থ মুকুল রায়, শারীরিক অবস্থার অবনতি, ভর্তি হাসপাতালে, কী বলছেন চিকিৎসকরা?

ফের বেশ অসুস্থ হয়ে পড়লেন মুকুল রায় (Mukul Roy)। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। স্নায়ুজনিত সমস্যা (nerve problem) ফের বেড়েছে মুকুলের। শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে কৃষ্ণনগর উত্তরের বিধায়ককে।

দলীয় সূত্রে খবর, মুকুলের স্নায়ুজনিত সমস্যার জন্য নানান স্বাস্থ্যপরীক্ষা করা হচ্ছে তাঁর। কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে তৃণমূল নেতাকে। তবে আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলেই খবর।

২০২২ সালেও একাধিকবার শারীরিক অসুস্থতার জন্য হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে যাওয়া হয়েছিল মুকুল রায়কে। তাঁর শারীরিক অসুস্থতা প্রসঙ্গে পুত্র শুভ্রাংশু রায় বলেছিলেন, “সুগারের জন্য বাবার মাথায় ক্লট তৈরি হয়েছে। আর এই ক্লটের জন্যেই সমস্যা। এর সমাধানে অপারেশন করতে হয়। কিন্তু, বাবার বয়স হয়েছে। তাই সহজে অপারেশনের সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়”।

প্রসঙ্গত, মুকুল রায়কে একসময় তৃণমূলের চাণক্য বলা হত। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডানহাত ছিলেন তিনি। উনিশের লোকসভা নির্বাচনের আগে দলবদল করে বিজেপিতে গেলেও একুশের বিধানসভা নির্বাচনের ফলাফলের পর ফের পুরনো দলে ওয়াপসি করেন তিনি। এবার তৃণমূল চাইছিল যাতে মুকুলের ক্ষুরধার মস্তিষ্ককে পঞ্চায়েত নির্বাচনে কাজে লাগানো যায়। কিন্তু তাঁর এমন শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উদ্বিগ্ন দলও।

পঞ্চায়েতে আগে দলের শীর্ষ নেতৃত্বের বৈঠকে ফের গুরুত্বপূর্ণ মুখ হিসেবে সামিল করা হচ্ছিল মুকুল রায়কে। পঞ্চায়েতে তাঁর ভূমিক ঠিক কী হতে চলেছে তা নিয়ে মুখ খুলে মুকুল বলেছিলেন, “পঞ্চায়েতে তৃণমূল খুব ভালো ফল করবে। তৃণমূলেই আছি। নতুন করে কোনও দায়িত্ব আমাকে দেওয়া হয়নি”।

RELATED Articles