আগামী ১৯শে ডিসেম্বর ফের রাজ্যে বাজবে ভোটের বাদ্যি, পুরভোট কলকাতা-হাওড়ায়, রাজ্যের প্রস্তাব মেনে নিল নির্বাচন কমিশন

আগামী ১৯শে ডিসেম্বরই কলকাতা ও হাওড়াতে হয়ে চলেছে পুরভোট। রাজ্যের এই প্রস্তাবে সায় দিল রাজ্য নির্বাচন কমিশন। আজ, মঙ্গলবার নির্বাচন কমিশনের তরফে পুর ও নগরোন্নয়ন দফতরকে নির্বাচনী সূচি জানিয়ে দেওয়া হয়েছে। একথা জানান পুরমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কমিশনের তরফে খুব তাড়াতাড়িই জারি করা হবে পুরভোটের বিজ্ঞপ্তি।

জানা গিয়েছে, আগামী ২০শে নভেম্বর রাজ্য নির্বাচন কমিশন পুরভোট নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকতে পারে। উপনির্বাচন শেষ হওয়ার পরই পুরভোট নিয়ে কমিশনের সঙ্গে আলোচনায় বসেছিল রাজ্য সরকার। আগামী ১৯শে ডিসেম্বর পুরভোট হোক, জানায় রাজ্য। সেই প্রস্তাবই মেনে নিল কমিশন।

জানানো হ্যেছগে যে আগামী ১৯শে ডিসেম্বর কলকাতার ১৪৪টি ও হাওড়ার ৫০টি আসনে পুরভোট রয়েছে। নির্বাচনী বিধি অনুযায়ী, ভোটের বিজ্ঞপ্তি জারি হওয়ার ২৭-৪২ দিনের মধ্যে ভোট করাতে হয়, এই কারণে দ্রুতই পুরভোটের বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানা গিয়েছে। আগামী ২৫শে নভেম্বর বিজ্ঞপ্তি জারি করতে পারে নির্বাচন কমিশন।

যদিও কমিশন ও রাজ্যের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, “রাজ্যের একাধিক পুরসভায় ভোট বকেয়া রয়েছে। এভাবে দু’টি পুরসভায় ভোট করানো যায় না। আমরা  রাজ্য ও কমিশনের এই সিদ্ধান্তের বিরোধিতা করছি। প্রয়োজনে আদালতে যাব আমরা”।

কমিশন সূত্রে খবর, আগামী ২৫ নভেম্বর কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করা হবে। আর  এরপরই শুরু হবে প্রার্থীদের মনোনয়ন জমার কাজ। দুই পুরসভাতেই ২রা ডিসেম্বর মনোনয়ন জমার শেষ দিন। মনোনয়নপত্র স্ক্রুটিনি হবে আগামী ৩ ডিসেম্বর আর প্রত্যাহারের শেষদিন ৪ ডিসেম্বর, শনিবার।

এই বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনের এক শীর্ষকর্তা এদিন জানিয়েছেন, “২১ নভেম্বর ভোটের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গে গঙ্গার দু’দিকের শহরেই ও সরকারি প্রশাসনে নির্বাচনী বিধিনিষেধ কঠোরভাবে কার্যকর হয়ে যাবে”।

RELATED Articles