Muslim Vote Impact 2026: ‘তৃণমূলের এই দ্বিচারিতা মুসলিমরা মেনে নেবে না’— কটাক্ষ ত্বহা সিদ্দিকির, ২০২৬ ভোটে বিপদের আভাস!

রাজনীতির মাঠে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে জল্পনা-কল্পনা। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন নিয়ে তোলপাড় রাজ্যের রাজনৈতিক মহল। মুসলিম ভোট কাদের দিকে যাবে, কতটা প্রভাব ফেলবে তাতে— তা নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। এর মধ্যেই এক বিস্ফোরক মন্তব্য করে বসেছেন ফুরফুরা শরিফের পিরজাদা ত্বহা সিদ্দিকি। তাঁর দাবি, সংখ্যালঘুরা আগামী ভোটে ‘ভয়ঙ্কর খেলা’ খেলবে। স্বভাবতই তাঁর এই মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

সম্প্রতি ফুরফুরা শরিফের আর এক পিরজাদা কাসেম সিদ্দিকিকে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগ করা হয়েছে। আর এখানেই ঘটেছে গোলমাল। কারণ, কাসেম সিদ্দিকি অতীতে একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রকাশ্যে কড়া সমালোচনা করেছিলেন। অথচ সেই কাসেমকেই এবার গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। এই সিদ্ধান্তে দলের অন্দরেই ক্ষোভ জমেছে বলে সূত্রের খবর। ঠিক এই ইস্যুতেই মুখ খুলেছেন ত্বহা সিদ্দিকি।

ত্বহার সিদ্দিকির অভিযোগ, ‘‘যিনি এতদিন ধরে তৃণমূলের বিরুদ্ধে বিষোদগার করেছেন, তাঁকেই মাথায় তুলে দিল দল। এতে সাধারণ মানুষের মধ্যে, বিশেষত মুসলিম সমাজে ক্ষোভ তৈরি হয়েছে। এই দ্বিচারিতা মানুষ মেনে নেবে না।’’ তিনি আরও দাবি করেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে সংখ্যালঘুরা ভয়ঙ্কর খেলা খেলবে, এবং তৃণমূলকে ভোট না-ও দিতে পারে। ত্বহার মতে, ভাঙড়ে আবার ISF জিতবে এবং আরও কয়েকটি আসনও তাদের ঝুলিতে যেতে পারে।

ত্বহার এই মন্তব্যের বিরোধিতা করে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা বলেন, ‘‘মুসলিম হোন বা হিন্দু, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও বিকল্প নেই। ফুরফুরা শরিফের পিরজাদারা কাকে কখন সমর্থন করেন, তা বোঝা যায় না। ত্বহার মতো মন্তব্যে সংখ্যালঘুরা বিভ্রান্ত হবেন না। বরং বিজেপি যেভাবে মুসলিম সমাজকে অপমান করে, তার পালটা জবাব দিতে সংখ্যালঘুরা আরও বেশি করে তৃণমূলের পাশে দাঁড়াবেন।’’

আরও পড়ুনঃ  গোঘাটে রহস্যমৃত্যু: হাত বাঁধা অবস্থায় বারান্দায় ঝুলন্ত দেহ, মৃত বিজেপি সংখ্যালঘু নেতা

বর্তমানে কাসেম সিদ্দিকির নেতৃত্ব তৃণমূলের অন্দরেই অনেক নেতা-কর্মী মানতে পারছেন না। এর জেরে সংখ্যালঘু ভোটের একটা বড় অংশ তৃণমূলের হাতছাড়া হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও এখনও ভোট অনেক দেরি, কিন্তু মুসলিম ভোটের অভিমুখ এখন থেকেই নজরে রাখছে প্রতিটি রাজনৈতিক দল। এখন দেখার, ত্বহার ভবিষ্যদ্বাণী বাস্তবের মাটিতে কতটা প্রতিফলিত হয়।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles