গোঘাট: এক বিভীষিকাময় সকাল। গোঘাটের সানবাঁধি এলাকায় বাড়ির বারান্দায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল ৩৫ বছর বয়সী বিজেপি নেতা বাকিবুল্লা শেখের দেহ। শনিবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আরও আতঙ্কের বিষয়, তাঁর দু’টি হাত ছিল বাঁধা। মৃত নেতা বিজেপির সংখ্যালঘু সেলের মণ্ডল সভাপতি ছিলেন বলে জানা গেছে।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, তদন্ত চলছে এবং সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।
পরিবার ও স্থানীয়দের দাবি, এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত খুন। কারণ হিসেবে তাঁরা হাত বাঁধা অবস্থায় দেহ উদ্ধারের বিষয়টি তুলে ধরেছেন। যদিও কারা এই ঘটনায় জড়িত, সে বিষয়ে এখনো পর্যন্ত কেউ নির্দিষ্ট করে নাম বলেনি। স্থানীয় বিজেপি কর্মীদের কথায়, বাকিবুল্লা দীর্ঘদিন ধরে দলের সক্রিয় সদস্য ছিলেন এবং তাঁর কোনও ব্যক্তিগত শত্রুতা ছিল বলে তাঁদের জানা নেই।
আরও পড়ুনঃ Weather update : ফের ধেয়ে আসছে বৃষ্টি! ৮ জেলা ভিজবে ভারী বৃষ্টিতে, সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর!
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিজেপি নেতা বিমান ঘোষ। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও বিষয়টি নিয়ে খোঁজখবর নিচ্ছেন। বাকিবুল্লার বাবা নিজেই ছেলের ঝুলন্ত দেহ নামান বলে জানা গেছে। স্থানীয়রা ও বিজেপি কর্মীরা এক সুরে বলছেন—যেই এই ঘটনার পেছনে থাকুক, দ্রুত তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি দিতে হবে।





