৮ মাস ধরে বন্ধ বেতন, সহকর্মীদের হেনস্থা, তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ, মানসিক অত্যাচারের জেরে স্বেচ্ছামৃত্যু চাইছেন নবান্নের কর্মী

অফিসে যাচ্ছেন, নিজের কাজও ঠিকমতো করছেন কিন্তু মাসের শেষে বেতন আর পাচ্ছেন না। আর এটা এক-দু’মাসের ঘটনা নয়, গত আট মাস ধরে বেতন (salary) বন্ধ তাঁর। এমনটাই দাবী করলেন নবান্নের (Nabanna) অর্থ দফতরের কর্মী রাজর্ষি সেনগুপ্ত (Rajarshi Sengupta)। কিন্তু কেন এমনটা হচ্ছে তাঁর সঙ্গে?

জানা গিয়েছে, নবান্নের অর্থ দফতরের কর্মী রাজর্ষি সেনগুপ্ত খড়দহের বাসিন্দা। ২০১৪ সাল থেকে নবান্নে কাজ করছেন তিনি। তবে মাঝে করোনা পরিস্থিতির সময় লকডাউনের জেরে বেশ কিছুদিন চাকরিতে হাজিরা দেন নি তিনি। তাঁর কথায়, যাতায়াতের অসুবিধা থাকায়, ট্রেন বন্ধ থাকায় তিনি অফিসে যেতে পারেন নি সেই সময়।

এরপর থেকেই শুরু হয় তাঁকে হেনস্থা করা। ওই কর্মীর দাবী, গত আট মাস ধরে বেতন পাচ্ছেন না তিনি। অভিযোগের এখানেই শেষ নয়। তাঁর দাবী, তাঁর সহকর্মীরা নানানভাবে মানসিক অত্যাচার চালাচ্ছেন তাঁর উপর। রাজর্ষিবাবু একজন অরাজনৈতিক ব্যক্তি। কোনও রাজনীতি দলের সঙ্গে যুক্ত নন তিনি। কিন্তু তাঁকে তৃণমূলের নানান মিটিং-মিছিলে যাওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে।

রাজর্ষি সেনগুপ্তের কথায়, তাঁর সহকর্মীরা যারা তৃণমূলের সঙ্গে যুক্ত, তারা তাঁকে প্রতিনিয়ত চাপ দিচ্ছে দলের মিছিলে যাওয়ার জন্য। তিনি তাতে রাজি না হওয়ায় তাঁর উপর চলছে মানসিক নির্যাতন। রাজর্ষিবাবু জানান, ২০১৪ সালে খড়দহের প্রয়াত তৃণমূল নেতা কাজল সিনহার হাত ধরেই নবান্নে চাকরি পান তিনি।

সহকর্মীদের এমন অত্যাচারের জেরে রাজর্ষিবাবু এতটাই ভেঙে পড়েছেন যে তিনি আর নবান্নে কাজই করতে চাইছেন না। তিনি জানান যে তিনি চাকরি ছেড়ে দিতে চান। তিনি এই মানসিক অত্যাচার আর নিতে পারছেন না। এমনকি, এমন অত্যাচারে অতিষ্ঠ হয়ে স্বেচ্ছামৃত্যুরও দাবী তুলেছেন তিনি। কিন্তু কেন তাঁর এমনভাবে বেতন বন্ধ করে দেওয়া হল, সে নিয়ে কোনও সদুত্তর মেলেনি নবান্নের তরফে।

এই ঘটনা নিয়ে সরব হয়েছে গেরুয়া শিবির। নবান্নের এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা করা হয়েছে। বিজেপি নেতা কিশোর করের কথায়, “নবান্নের ওই কর্মীর সহকর্মীরা তাঁকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ দিচ্ছে। আটমাস ধরে বেতন বন্ধ করে দিয়েছে তাঁর। ওই ব্যক্তির এম্ম অবস্থা হয়েছে যে কোনও সময় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে ফেলতে পারেন তিনি। তৃণমূল মনে করছে ওরা যা ইচ্ছে করতে পারে। রাজ্য সরকারের এমন গাফিলতির জবাব কে দেবে”?

আরও অন্যান্য খবর