টিফিন টাইমেও কোনও ধরণের মিটিং বা মিছিলে যোগ দিতে পারবেন না রাজ্য সরকারি কর্মচারীরা। সঠিক সময়ে সকলকে অফিসে আসতে হবে আর যথা সময়েই অফিস থেকে বেরোতে হবে। সরকারি অফিসে কাজের ও টিফিন টাইমের সময়সীমা এবার বেঁধে দিল নবান্ন। এরই সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হল।
এই বিজ্ঞপ্তি অনুযায়ী, টিফিন টাইম থাকবে শুধুমাত্র দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টো পর্যন্ত। সেই সময়ের মধ্যেও কোনও মিটিং-মিছিল করা যাবে না। কেউ যদি অর্ধেক অফিস করে বেরিয়ে যায়, তাহলে সেইদিনের জন্য তাঁকে অনুপস্থিত গণ্য করা হবে।
এও জানানো হয়েছে, সঠিক সময়ে অফিসে হাজিরা দেওয়া ও কাজের সময় যাতে কোনও ঝামেলা না হয়, তার জন্য অফিসের বাইরে যেতে গেলে সকলকে অফিসের প্রধানের থেকে অনুমতি নিতে হবে। তা নাহলে কেউ বাইরে যেতে পারবেন না। বেলা দেড়টা থেকে ২টো পর্যন্তই শুধুমাত্র টিফিন টাইম। এই সময়ের মধ্যে অন্য কোনও কাজ করা যাবে না। এই নিয়ম ঠিকঠাক পালন হচ্ছে কী না, সেদিকে কড়া নজর রাখা হবে। যদি কেউ নিয়ম লঙ্ঘন করে, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আগামী ২২ মে পেন ডাউন কর্মসূচির ডাক দিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। এদিন তাই জনসাধারণের পরিষেবা পেতে অসুবিধা হতে পারে। জানানো হয়েছে, এইদিন যে সমস্ত কর্মীরা কাজ করবেন না, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এইদিন কোনও কর্মী সিএল নিতে পারবেন না। শুধুমাত্র যারা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বা যাদের পরিবারের কেউ গুরুতর অসুস্থ, তারাই কেবল ছুটি নিতে পারবেন।
এই বিজ্ঞপ্তিতে নবান্ন আরও জানিয়েছে, যারা মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন বা যারা ১৯শে মে-র আগে ছুটি নিয়েছেন, তারাই কেবল ২২ মে ছুটি পাবেন। এই নির্দেশ যদি মানা না হয়, তাহলে কর্মচারীদের শো-কজ করা হবে। অন্যদিকে, টিফিন টাইমে মিটিং-মিছিল করার অধিকার কেড়ে নিলেও একাধিক সরকারি কর্মচারী সংগঠনের তরফে হুঁশিয়ারি শানানো হয়েছে। তারা মঙ্গলবার বিক্ষোভ দেখাতে পারেন বলেও জানান যাচ্ছে।





