আবার‌ও তুঙ্গে রাজ্য-কেন্দ্র তরজা। সঠিক কারণ না জানালে কেন্দ্রীয় প্রতিনিধিদলকে জেলায় ঢুকতে না দেওয়ার নির্দেশ মমতার।

লকডাউন পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে এসেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে ঘুরে দেখার কথা রাজ‍্যের ৭ জেলা। তবে এবার তাঁদের আসা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে প্রধানমন্ত্রী মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করে এই সিদ্ধান্তের পিছনে কারণ জানতে চেয়েছেন মুখ্যমন্ত্রী। আর তাঁর সুরে সুর মিলিয়েই রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা বলেন, যৌক্তিকতা না দেখালে কেন্দ্রের দলকে জেলায় ঘুরতে দেবে না রাজ্য। উল্লেখ্য, সোমবার বিকেলেই মুখ্যসচিব রাজীব সিনহার সঙ্গে কথা বলতে নবান্নে যান কেন্দ্রীয় প্রতিনিধি দল।

তিনি জানান, ‘কলকাতা ও জলপাইগুড়িতে কেন্দ্র-এর দুটো দল এসেছে। আমার সঙ্গে কোনও কথা ছাড়াই তাঁরা ময়দানে নেমে পড়েছেন। কীভাবে জায়গাগুলি নির্বাচন করা হল, জানি না। কোথাও এসএসবি, কোথাও বিএসএফ নিয়ে গেছে কেন্দ্রীয় দল। কেন‌ও তাঁরা এসেছে তাও স্পষ্ট নয়। শেষ মুহূর্তে রাজ্যকে জানিয়ে গাইডলাইন না মেনেই বিভিন্ন জায়গায় গিয়েছে কেন্দ্রীয় দল।’

প্রসঙ্গত, কলকাতা,হাওড়া-সহ পশ্চিমবঙ্গের সাত জেলার করোনা-পরিস্থিতি নিয়ে উদ্বেগজনক বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র টুইট করে মহারাষ্ট্র, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের করোনা সংক্রমিত এলাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। প্রকাশিত সংক্রমিত তালিকায় বাংলার জেলার সংখ্যাই বেশি।

এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে লেখেন, ‘কোভিড-১৯ নিয়ে কেন্দ্রের কাছ থেকে আমরা সব ধরনের গঠনমূলক সাহায্য ও পরামর্শকে স্বাগত জানাচ্ছে। তবে ২০০৫ বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী কীসের ভিত্তিতে দেশের বেশ কিছু জেলায় IMCT পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছে, তা অস্পষ্ট।’

RELATED Articles

Leave a Comment