নন্দীগ্রামে মমতার চোখে চোখ রেখে কথা বলেছিলেন, সেই পুলিশ আধিকারিক নগেন্দ্রনাথ ত্রিপাঠীই এবার পাচ্ছেন রাষ্ট্রপতি পদক

একুশের বিধানসভা নির্বাচনের সময় সকলের নজর কেড়েছিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে চোখ রেখে তিনি বলেছিলেন, “খাকি পরে আমি এই দাগ নেব না ম্যাডাম”। এবার সেই আইপিএস আধিকারিক নগেন্দ্রনাথ ত্রিপাঠীকেই দেওয়া হচ্ছে রাষ্ট্রপতি পদক।

তাঁর কর্মক্ষেত্রে বিশেষ কৃতিত্বের জন্য রাষ্ট্রপতি পদকে পুরস্কৃত করা হচ্ছে। আজ, সাধারণতন্ত্র দিবসের দিনই বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁকে এই সম্মানে ভূষিত করবেন বলে জানা গিয়েছে।

একুশের বিধানসভা নির্বাচনের সময় নন্দীগ্রামে নির্বাচনে পুলিশ পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন নগেন্দ্রনাথ ত্রিপাঠী। সেই সময় হুইলচেয়ারে করে মমতা বন্দ্যোপাধ্যায় আচমকাই একটি বুথে ঢুকে যান। এরপর ওই পুলিশ আধিকারিককে কড়া ভাষায় তোপ দাগেন তিনি।

সেই সময়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে চোখ রেখে দৃঢ় কণ্ঠে নগেন্দ্রনাথ ত্রিপাঠী বলেছিলেন, “খাকি পরে আমি কোনও দাগ নেব না ম্যাডাম”। অর্থাৎ, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ পর্যবেক্ষকে যে দোষে দোষী করেছিলেন, তা তাঁর মুখের উপরেই নস্যাৎ করে দিয়েছিলেন নগেন্দ্রনাথ ত্রিপাঠী। সেই ভিডিও তুমুল ভাইরাল হয়েছিল।

নগেন্দ্রনাথ ত্রিপাঠী বর্তমানে বীরভূম জেলার পুলিশ সুপার। এর আগে তিনি কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগে দীর্ঘদিন সাফল্যের সঙ্গে কাজ করেছেন। তাঁর সময়ে কলকাতায় নির্বাচনে একবালপুর খিদিরপুর ময়ূরভঞ্জ রোডে দুষ্কৃতীদের থাপ্পড় মেরে এবং লাঠিচার্জ করে বহিরাগতদের এলাকার ছাড়া করিয়েছিলেন এই নগেন্দ্রনাথ ত্রিপাঠী।

২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময় তিনি নন্দীগ্রামের পুলিশ অফিসার পদে আসীন ছিলেন। এবার এই নগেন্দ্রনাথ ত্রিপাঠীকেই রাষ্ট্রপতি পদক পাওয়ার যোগ্য হিসাবে বেছে নেওয়া হল।

RELATED Articles