কিছুদিন আগেই ভারতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব হারিয়েছেন রবি শাস্ত্রী। এরপর সম্প্রতি বিরাট কোহলিও ছেড়েছেন অধিনায়কত্ব। এই জুটি ভারতীয় ক্রিকেটে সফল জুটি হলেও ICC ট্রফি জেতেনি। এই নিয়ে ক্রিকেটপ্রেমীদের নিন্দার মুখেও পড়তে হয়েছে। এবার এই নিয়ে সরব হলেন রবি শাস্ত্রী।
তাঁর মতে, ICC ট্রফি দিয়ে কোনও খেলোয়াড়ের যোগ্যতা বিচার করা উচিত নয়। শাস্ত্রী কোচ থাকাকালীন ভারত তিন ফরম্যাটে বেশ ভালোই খেলেছে। কিন্তু টি-২০ বিশ্বকাপের খারাপ ফল সবকিছুকে ছাড়িয়ে গিয়েছে। গ্রুপস্তরেই বিদায় নিতে হয় ভারতকে।
এর জেরে কোচ হিসেবে বিশ্বকাপ বা ICC ট্রফি জেতার শেষ সুযোগ হারান শাস্ত্রী। এই একই ধরণের ঘটনা ঘটে বিরাট কোহলির ক্ষেত্রেও। অধিনায়ক হিসেবে ICC ট্রফি জিততে পারেন নি তিনি। ২০১৯ সালে বিশ্বকাপের সেমিফাইনালে হার ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হার রয়েছে এর মধ্যে।
শাস্ত্রীর মতে, বিশ্বকাপ বা ICC ট্রফি না জিতলে কোনও খেলোয়াড়ের যোগ্যতা কমে যায় না। উদাহরণ হিসেবে তিনি টেনে এনেছেন সৌরভ, সচিন, ভিভিএস লক্ষ্মণের নাম। তিনি বলেন, এদের যোগ্যতা বিচার করার জন্য কোনও বিশ্বকাপের দরকার পড়েনি।
তিনি বলেন, “অনেক ভালো প্লেয়ার যেমন সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ ও রোহিত বিশ্বকাপ জেতেনি। তার মানে এটা নয় যে ওরা খারাপ প্লেয়ার। আমাদের কাছে মাত্র দুটো বিশ্বকাপজয়ী অধিনায়ক আছেন। সচিন তেন্ডুলকরকে ছ’টা বিশ্বকাপ খেলতে হয়েছিল একটা জেতার জন্য”।
২০০৩ সালে বিশ্বকাপ ফাইনালে উঠে ভারতীয় দল। সে বছর সৌরভের নেতৃত্বে অস্ট্রেলিয়ার কাছে পরাস্ত হয় ভারত। এরপর ২০০৭ সালে বিশ্বকাপে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে বাংলাদেশের কাছে হেরে বিদায় নিতে হয় ভারতীয় দলকে। সেই বছরই হয় টি-২০ বিশ্বকাপ। সেখান থেকে অনেক সিনিয়র খেলোয়াড়রাই নিজেদের নাম প্রত্যাহার করে নেন। একপ্রকার জুনিয়রদের নিয়ে নেমে কেল্লাফতে করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। চ্যাম্পিয়ন হয় ভারত। এরপর ২০১১ সালে ঘরের মাঠে বিশ্বকাপ জেতে ভারত।
রোহিত শর্মার নামের পাশে রয়েছে বিশ্বকাপ জয় লেখা। কারণ টি-২০ বিশ্বকাপের শুরুর বছর অর্থাৎ ২০০৭ সালে তিনি দলের সঙ্গে ছিলেন। শাস্ত্রীর মতে, কোনও খেলোয়াড়কে সে কীভাবে খেলছে, তা দিয়ে বিচার করা উচিত, বিশ্বকাপ দিয়ে নয়।





