‘অযোগ্য’ শিক্ষকের তালিকায় নাম তৃণমূল নেত্রীর মেয়ের, বিতর্কে জড়াতেই পলাতক গোটা পরিবার

এবার ‘অযোগ্য’ শিক্ষকের তালিকায় নাম উঠে এল তৃণমূল নেত্রীর মেয়ের। গত ৬ বছর ধরে শিক্ষকতা করছেন তিনি। তবে এবার আদালতের নির্দেশে তালিকা প্রকাশ হতেই তাতে নাম উঠল তৃণমূল নেত্রী সন্ধ্যা মণ্ডলের মেয়ের। এরপরই পলাতক গোটা পরিবার।

জানা গিয়েছে, ‘অযোগ্য’ ওই শিক্ষিকার নাম প্রিয়াঙ্কা মণ্ডল। দক্ষিণ ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের সুন্দরবনের হেমনগর থানার দক্ষিণ যোগেশগঞ্জের ২৩৩ নম্বর বুথের তৃণমূল সভানেত্রী সন্ধ্যা মণ্ডলের মেয়ে তিনি। হিঙ্গলগঞ্জের তৃণমূল বিধায়ক দেবেশ মণ্ডলের আত্মীয়ও হন তিনি।

সূত্রের খবর, ২০১৬ সালে নরেন্দ্রপুর কামালগাজি গার্লস হাই স্কুলে শিক্ষিকা হিসেবে নিযুক্ত হন প্রিয়াঙ্কা। কিন্তু সম্প্রতি হাইকোর্টের নির্দেশে টেট উত্তীর্ণ না হয়েও বেআইনিভাবে রাজ্যের নানান স্কুলে চাকরি করা ৯৫২ জন ভুয়ো শিক্ষকের তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। সেই তালিকাতেই ৪৪০ নম্বরে নাম ওঠে প্রিয়াঙ্কা মণ্ডলের।

সূত্রের খবর, সেই তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই উধাও অভিযুক্ত প্রিয়াঙ্কা মণ্ডল-সহ তার গোটা পরিবার। স্থানীয়দের কথায়, প্রিয়াঙ্কার মা সন্ধ্যা মণ্ডল হিঙ্গলগঞ্জ ব্লকের যোগেশগঞ্জ পঞ্চায়েতের মহিলা তৃণমূলের ব্লক সভাপতি। প্রিয়াঙ্কার বাবা দক্ষিণ যোগেশগঞ্জ প্রাইমারি স্কুলের শিক্ষক।

সূত্রের খবর অনুযায়ী, তৃণমূলের উঁচুতলার নেতৃত্বের সঙ্গে সম্পর্ক থাকায় সেই প্রভাব কাজে লাগিয়ে মেয়েকে বেআইনিভাবে স্কুলের শিক্ষিকার চাকরি পাইয়ে দেন সন্ধ্যা মণ্ডল। ৬ বছর ধরে শিক্ষিকা হিসেবে নিযুক্ত রয়েছেন তিনি।

 জানা গিয়েছে, শুধু বাড়িতেই নয়, গোটা গ্রামে কোথাও নেই তৃণমূল নেত্রী বা তাঁর পরিবারের সদস্যরা। প্রভাবশালী পরিবার হওয়ায় ক্ষোভ রয়েছে বটে স্থানীয়দের কিন্তু প্রকাশ্যে এই বিষয়ে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে মুখ খুলতে নারাজ গ্রামবাসীরা।

RELATED Articles