বছরের শেষেই কলকাতায় পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আগামী ৩০শে ডিসেম্বর শহরে আসছেন তিনি। যোগ দেবেন গঙ্গা পরিশোধন কাউন্সিলের বৈঠকে। গতকাল, সোমবার দিল্লি (Delhi) থেকে নবান্নে এমন বার্তাই দেওয়া হয়েছে বলে সরকারি সূত্রে খবর।
এই বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন বাংলা, বিহার, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, ও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীরাও। একদিনের সফরে কলকাতা আসছেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, ওইদিনই রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্তে বৈঠক সারতে পারেন প্রধানমন্ত্রী। মূলত, রাজ্যের দাবীদাওয়া নিয়েই বৈঠকে কথা বলতে পারেন মমতা, এমনটাই জানা যাচ্ছে।
গত ৫ই ডিসেম্বর জি-২০ সম্মেলনের প্রস্তুতি বৈঠকে যোগ দিতে দিল্লি গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সর্বদলীয় বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী। সেই বৈঠকে যোগ দেন নানান রাজ্যের মুখ্যমন্ত্রীরা।
নবান্নের তরফে তখন চেষ্টা করা হয়েছিল যাতে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর একান্ত বৈঠক সম্ভব হয়। কিন্তু সেই দফায় চেষ্টা সফল হয়নি। সেবার মুখ্যমন্ত্রী দিল্লি থেকে আজমের শরিফ ও পুষ্কর সফরে যান। প্রধানমন্ত্রীও আগে থেকেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ব্যস্ত ছিলেন।
তবে এবার ৩০শে ডিসেম্বর প্রধানমন্ত্রী শহরে এলে মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্তে বৈঠকের চেষ্টা করা হবে বলেই জানা যাচ্ছে। নানান কেন্দ্রীয় প্রকল্প বাবদ কেন্দ্রের কাছে রাজ্যের যে টাকা বকেয়া রয়েছে, তা নিয়েই দু’পক্ষের মধ্যে আলোচনা হতে পারে।





