আগেই তিনি জানিয়েছিলেন যে ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই লড়তে চান তিনি। তবে পরের দিকে সেই কথা যেন ক্ষীণ হতে দেখা যায়। শোনা যাচ্ছিল, তিনি ডায়মন্ড হারবারে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। শুরু হয় জোর চর্চা। তবে এসবের মাঝেই আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি সাফ জানিয়ে দিলেন যে তিনি অভিষেকের বিরুদ্ধেই লড়তে চান।
কী বলেছেন ভাঙড়ের বিধায়ক?
এক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে বলেন, “আমি মানসিকভাবে এখনও ১০০ শতাংশ প্রস্তুত। আমার কোনও দ্বিধা-দ্বন্দ্ব নেই। ডায়মন্ড হারবারেই লড়তে চাই। আমি অভিষেকের বিরুদ্ধেই লড়তে চাই। কিন্তু আমার দলের নেতৃত্ব এখনও সিদ্ধান্ত নেননি, কোন আসনে আমি লড়ব। তবে, আমি লোকসভা নির্বাচনে লড়ব”।
বামেদের সঙ্গে জোট নিয়ে কী বললেন নওশাদ?
নওশাদের কথায়, “আমি জোটের জন্য বারবার চেষ্টা করেছি। এখনও অপেক্ষায় রয়েছি জোট হোক। মনেপ্রাণে জোট চাইছি। কিন্তু বামেদের সঙ্গে আলোচনায় সহমত হইনি”।
জোট নিয়ে কী ধোঁকা দিচ্ছে বামেরা?
এই নিয়ে ভাঙড়ের বিধায়ক বলেন, “আমি সেকথা বলছি না। কিন্তু আমাদের যা দাবি ছিল, তা যুক্তি দিয়েই বলেছিলাম। আমি বুঝতে পারিনি কেন তাতে রাজি হলেন না বাম নেতারা”।
যাদবপুরের আসন দাবী করেছিল আইএসএফ। কারণ যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে ভাঙড় বিধানসভা কেন্দ্র। কিন্তু যাদবপুরে ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করেছে সিপিএম। এই নিয়ে নওশাদ বললেন, “আমরা যাদবপুর আসনে লড়তে চেয়েছিলাম। আমি ওই আসনে প্রার্থী হব বলিনি। কিন্তু ওই আসনেও প্রার্থী দিল বামফ্রন্ট”। জোট নিয়ে এখন টালবাহানা চললেও, তিনি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়তে প্রস্তুত, তা সাফ জানিয়ে দিলেন নওশাদ।





