স্পষ্ট লিখতে হবে ‘নেগেটিভ’, করোনা রোগীর ডিসচার্জ সার্টিফিকেট নিয়ে নির্দেশ রাজ‍্য সরকারের!

করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে গেলে তাঁকে ছাড়বার সময়ে ডিসচার্জ সার্টিফিকেটে স্পষ্টভাবে লিখে দিতে হবে তিনি ‘নেগেটিভ’। আজ স্বাস্থ্য ভবনকে সমস্ত হাসপাতালে এই নির্দেশই পাঠাতে নির্দেশ দিয়েছে নবান্ন। এতে ফলে রোগী ও তাঁর পরিবারের সদস্যরা প্রতিবেশীদের সামনে যে চরম হেনস্তার শিকার হচ্ছেন তা কিছুটা হলেও রোধ করা যাবে বলে মনে করছে রাজ্য প্রশাসন।

করোনা পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা গিয়েছে যে, আক্রান্তরা সুস্থ হয়ে নিজেদের বাড়ি ফিরে প্রতিবেশীদের দ্বারা চরম হেনস্তার শিকার হচ্ছেন। কিছু কিছু ক্ষেত্রে বাড়ি পর্যন্ত ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে লিখে আনতে বলা হচ্ছে যে, তিনি করোনা নেগেটিভ। সদ্য দমদম পার্কেই এমন অমানবিকতার ছবি ধরা পড়েছে। এরপরই সামাজিক সচেতনতার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। রোগীর সামাজিক ও ব্যক্তিগত সুরক্ষার স্বার্থে আরও কিছু নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য প্রশাসনের তরফে।

নির্দেশিকায় জানানো হয়েছে, প্রতিবেশীদের সন্তুষ্টির কথা যেমন ভাবা হচ্ছে, তেমনই রোগীর নিরাপত্তাও ১০০% নিশ্চিত করতে হবে। সেক্ষেত্রে কোনও গাফিলতি মেনে নেওয়া হবে না। তাই রোগী তাঁর বাড়িতে নির্বিঘ্নে প্রবেশ করা থেকে নিশ্চিন্তে কম করে সাতদিন ঘরে বিশ্রাম নেওয়ার সময়ও কোনওভাবে যাতে সেই রোগীকে বিরক্ত না করা হয়, তা নিয়েও কড়া মনোভাব নবান্নের।

সম্প্রতি একটি অমানবিক ঘটনা ঘটে দমদম পার্কে। ওই এলাকার বাসিন্দা করোনা আক্রান্ত এক বৃদ্ধ সুস্থ হয়ে ঘরে ফেরার মুহূর্তে তাঁকে ঢুকতে বাধা দেন প্রতিবেশীরা। পাঁচ ঘণ্টা তাঁকে অ্যাম্বুল্যান্সে বসে থাকতে হয়। সেখানেই ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রতিবেশীরা দাবি করতে থাকেন ওই বৃদ্ধ যে সত্যিই সুস্থ এবং করোনা নেগেটিভ তা লিখে আনতে হবে। তবেই তাঁকে বাড়ি ঢুকতে দেওয়া হবে। শুধু দমদম পার্ক নয়, একাধিক জেলায় এই ধরনের ঘটনা সামনে এসেছে। আর তাই এই ধরনের অমানবিক ঘটনার উক্তি নবান্নের এই সিদ্ধান্ত।

RELATED Articles

Leave a Comment