জমজমাট তখন বিয়েবাড়ি। আগের রাতেই হয়েছে বিয়ে। সকালে তখনও পর্যন্ত কনে বিদায় হয়নি। নতুন বর-কনেকে নিয়ে সকলে আড্ডা, ঠাট্টা করতে ব্যস্ত। এমন সময় ঘটল বড় বিপত্তি। বিকট এক শব্দে গোটা বাড়ি কেঁপে উঠল। ছাদ থেকে ভেসে এল গোঙানির আওয়াজ। বাড়ির লোক বুঝল বোমা পড়েছে। এর জেরে ঝলসে গেল ৭ জন।
ঠিক কী ঘটেছিল ঘটনাটি?
ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানিনগর থানার সীমান্তবর্তী বামনাবাদ পশ্চিম বিচপাড়া এলাকায়। জানা গিয়েছে, গতকাল, বুধবার রাতে সেখানে বিয়ে ছিল প্রভাসচন্দ্র মণ্ডলের মেয়ে পায়েল মণ্ডলের। আজ, বৃহস্পতিবার সকালেও আত্মীয়স্বজনে ঠাসা বাড়ি। আগামীকাল, শুক্রবার বৌভাত। কিন্তু এর আগেই বিয়েবাড়িতে নেমে এল শোকের ছায়া।
জানা গিয়েছে, এদিন সকাল দশটা নাগাদ আচমকাই বিকট আওয়াজে ভয় পেয়ে যান সকলে। বুঝতে পারেন বাড়ির ছাদে বোমা পড়েছে। পাশের বাড়ির ছাদ থেকে এই বিয়েবাড়ি লক্ষ্য করে ছোঁড়া হয়েছে বোমা। এমন আকস্মিক ঘটনার রেশ কাটতে না কাটতেই চারিদিক ভরে যায় ধুলো, কালো ধোঁয়াতে। এই বোমাবাজির ফলে আহত হন বিয়েবাড়ির অতিথিদের পুরুষ-মহিলা সহ ৭ জন। ঝলসে গিয়েছে তাদের শরীর।
এমন বিকট আওয়াজ শুনতে পেয়েই ছুটে আসেন স্থানীয়রা। তারাই আহতদের উদ্ধার করে প্রথমে নিয়ে যান গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে। তারপর সেখান থেকে আবার দু’জনকে স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। বোমার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
কী কারণে এমন বোমাবাজি?
কী কারণে এই বোমা ফেলা হয়েছে, তা অবশ্য এখনও সঠিক জানা যায়নি। তবে প্রাথমিক সূত্রে খবর, যাদের বিরুদ্ধে এই বোমা ফেলার অভিযোগ উঠেছে, তাদের থেকে নাকি পাত্রীর বাবা টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা শোধ না করতে পারার কারণেই পাশের বাড়ির ছাদ থেকে বোমা ফেলা হয়েছে। গোটা এলাকায় আপাতত পিকেটিং চলছে। এমন ঘটনার পর থমথমে হয়ে গিয়েছে গোটা এলাকা।





