সবকিছু ঠিক থাকলে সারদা চিটফান্ড কান্ডে প্রতারিত আমানতকারীরা পুরভোটের আগেই তাদের বকেয়া টাকা ফেরত পেতে চলেছেন। শুক্রবার হাইকোর্টে এই সংক্রান্ত একটি মামলার শুনানির পর শুরু হল এমনই এক জল্পনা।
সারদার আমানতকারীদের টাকা ফেরতের জন্য শ্যামল সেন কমিশনকে ২০১৩ সালে ৫০০ কোটি টাকা মঞ্জুর করে রাজ্য সরকার। পরে ২০১৪ সালের অক্টোবরে শ্যামল সেন কমিশন বন্ধ হয়ে যায়। রাজ্য সরকারকে কমিশন ১৩৮ কোটি টাকা ফিরিয়ে দেয়।
এই টাকা রাজ্য সরকার কীভাবে ব্যবহার করবে জানতে চেয়ে সুবীর দে নামে এক আমানতকারী ২০২০ সালের
ফ্রেব্রুয়ারিতে হাইকোর্টে একটি মামলা করেন। তারই শুনানি ছিল শুক্রবার। বিচারপতি জয়মাল্য বাগচি ও শ্রুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চ জানতে চায়, বকেয়া টাকা কী করেছে রাজ্য সরকার? সরকারি আইনজীবী জানান, ইতিমধ্যেই ইসিএস ও চেক মারফত প্রায় ৫ লক্ষ আমানতকারী টাকা পেয়েছেন।
এক্ষেত্রে আরেকটি প্রশ্নও উঠছে। বকেয়া টাকা কি শুধু সারদার আমানতকারীরাই ফেরত পাবে? সেক্ষেত্রে বাকি আমানতকারী যারা সারদা ছাড়া অন্যত্র বিনিয়োগ করে বঞ্চিত হয়েছেন তারা তো বঞ্চিত হবেন। তাই এবার অন্যান্য চিটফান্ডে বিনিয়োগকারীরা তাদের বকেয়া টাকা ফেরত পাবেন কি না, সেই প্রশ্নের উত্তর জানতে চাওয়া হল রাজ্য সরকারকে। আগামী ৪ সপ্তাহ পর হলফনামা দিয়ে সেই উত্তর জানাতে হবে রাজ্য সরকারকে। হাইকোর্টের এই শুনানিতে স্বাভাবিকভাবেই জল্পনা বাড়ছে, তবে কি পুরসভা ভোটের আগে নতুন করে টাকা পেতে পারেন আমানতকারীরা?





