ছোট থেকে বড় ম্যাগি আমাদের সবার মনের খাবার। বাচ্চাদের টিফিনে হোক কিংবা সন্ধ্যেবেলার জলখাবার সব সময় হট ফেভারিটের একদম শীর্ষে। শীতকালে গাজর কড়াইশুঁটি দিয়ে কিংবা ডিম ফাটিয়ে, যেকোনো ভাবে ম্যাগি আমাদের প্রত্যেকেরই প্রিয় খাবার। আর হোস্টেলে থাকলে তো কথাই নেই ম্যাগি ছাড়া জীবন অচল। বানানো সহজ আর খেতেও বেশ ভালো। ভারতের বাজারে সাধারণত দুটো ফ্লেভারের ম্যাগি পাওয়া যায় চিকেন আর ভেজ।
কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ার একটি ছবিকে ঘিরে মানুষের মনে সন্দেহ দানা বেঁধেছে। বিফ ফ্লেভারড ম্যাগির একটা ছবি বেশ ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তাই নিয়ে বেশ সরগরম নেট দুনিয়া।এবারে কি বিফ ফ্লেভারড ম্যাগি ভারতে পাওয়া যাবে উদ্বিগ্ন সবাই?
কিছুদিন আগেও ম্যাগির মধ্যে বেশি পরিমাণে সীসা খুঁজে পাওয়ার অভিযোগ ওঠে নেসলে কোম্পানীর বিরুদ্ধে । অবশ্য যারা এটি খেতে ভালোবাসেন তখনও তারা এটিকে খুব একটা পাত্তা দেননি। মাঝে কিছুদিন ম্যাগির বিক্রি স্থগিতও ছিল। কিন্তু তারপর আবার বাজারে নিজের জায়গা করে নেয় ম্যাগি।
কিন্তু এবার ম্যাগি আবার শিরোনামে আসে বিফ ফ্লেভার এর জন্য। ম্যাগি নির্মাতা কোম্পানি নেসলে, জানিয়েছে যেকোনো রকম বিফ ফ্লেভারড ম্যাগি ভারতে পাওয়া যাবে না। এমন ম্যাগি শুধুমাত্র অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডে পাওয়া যায়। তারা এও স্পষ্ট করে জানিয়েছে, যে ছবিটি সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে সেটি কখনোই ভারতের নয়। ভারতে একমাত্র আমিষ ম্যাগির ফ্লেভার রয়েছে সেটি হল চিকেন ফ্লেভার। এতে বিফ ফ্লেভার ম্যাগির টেস্টে করতে চাওয়া ভারতীয়রা বেশ আশাহত হলেও ভারতীয় সমাজে ম্যাগি বীফের সন্দেহ তালিকা থেকেও বেঁচে গেল।






