এর আগেও তিনি বারবার নানান বিতর্কে জড়িয়েছেন। আর এবার নিজের মন্তব্যের কারণে রাজ্য সরকারকে বেশ অস্বস্তিতে ফেলে দিলেন তৃণমূল বিধায়ক তথা চিকিৎসক নির্মল মাজি। এক অনুষ্ঠানে তিনি বলেন যে তিনি কাটমানি, সিন্ডিকেট থেকে সরে এসেছেন। আর তাঁর এমন বক্তব্যই বেশ অস্বস্তিতে ফেলেছে শাসকদলকে।
গতকাল, শনিবার হাওড়ার উলুবেড়িয়ার এক অনুষ্ঠানে যোগ দেন নির্মল মাজি। তিনি সেখানে দাবী করেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সততা, স্বচ্ছতা ও দায়বদ্ধতার নিরিখে তিনি কাটমানি, সিন্ডিকেট থেকে সরে এসেছেন। তিনি এও বলেন যে এখন চিকিৎসকরা টাকার পিছনে ছুটে বেড়ান। তা না করে তাদের আরও ভালো পরিষেবা দেওয়ার পরামর্শ দেন নির্মল মাজি। তাঁর এমন মন্তব্যকে বেশ অপমানজনক বলে মনে করেছেন আইএমএ সহ-সভাপতি। এমনকি, ডক্টর ফোরামসের তরফে এও প্রশ্ন তোলা হয় যে নির্মল মাজির এত সম্পত্তি কীভাবে হল?
গতকাল, শনিবার হাওড়ার লাইব্রেরির একটি অনুষ্ঠানে যোগ দিয়ে নির্মল মাজি বলেন, “আমি নেতা-মন্ত্রী-বিধায়ক-সাংসদ নই। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বচ্ছতা, সততা, দায়বদ্ধতার নিরিখে কাটমানি, কমিশন, সিন্ডিকেট থেকে সরে এসেছি। দীর্ঘ ৪০ বছরের বিনাপয়সার ডাক্তার আমি। আমার পরিবারে ২২ জন ডাক্তার আছে। তাঁরা পরীক্ষা দিয়ে পাশ করেই ডাক্তার হয়েছেন”।
নির্মল মাজির এমন বক্তব্যের জেরে রাজ্য-রাজনীতি এখন উত্তাল। জোর চর্চা শুরু হয়ে তাঁর এহেন মন্তব্যকে ঘিরে। এর আগেও একাধিক বিতর্কে তাঁর নাম জড়িয়েছে। এবার প্রশ্ন উঠতে শুরু করেছে যে তিনি কাটমানি, সিন্ডিকেট থেকে সরে এসেছেন মানে তিনি কী তাহলে এর আগে এসবের সঙ্গে যুক্ত ছিলেন?
প্রসঙ্গত, কলকাতা মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে সবচেয়ে বেশি বিতর্কে জড়িয়েছিল নির্মল মাজির নাম। সম্প্রতি তাঁকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। আর এরপরই তাঁর এমন এক মন্তব্য যে বেশ তাৎপর্যপূর্ণ, তা বলাই বাহুল্য। তাঁর এই মন্তব্যে বেশ অস্বস্তিতেই পড়তে হয়েছে শাসক দলকে।





