সম্প্রতি ধ’র্ষ’ণ মানসিকতা প্রচারকারী বিজ্ঞাপন নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্কের ঝড় ওঠে। একটি ডিওড্রেন্ট প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপনকে ঘিরে শুরু হয় এই বিতর্কের। এই নিয়ে এবার দিল্লি মহিলা কমিশনের তরফে চিঠি দেওয়া হয় কেন্দ্র সরকারকে।
সেই চিঠির পরই গত শুক্রবার কেন্দ্রের তরফে বিজ্ঞাপন সংস্থাগুলির উদ্দেশে নির্দেশ জারি করা হয় যে মিথ্যা ও ধ’র্ষ’ণ মানসিকতা উদ্রেককারী বডি স্প্রে-র বিজ্ঞাপনগুলি অপসারণ করতে হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে এই ধরণের সমস্ত বিজ্ঞাপন অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞাপন কোড অনুযায়ী এই বিষয়টি তদন্ত করার নির্দেশও দেওয়া হয়েছে।
লেয়রস শট নামের ব্র্যান্ডের একটি বিজ্ঞাপন নিয়ে শুরু হয় বিতর্ক। এই নিয়ে দিল্লি মহিলা কমিশনের তরফে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরকে একটি চিঠি দেওয়া হয়। এই ঘটনায় সংশ্লিষ্ট সংস্থাকে একটি নোটিশ দেয় দিল্লি পুলিশও। কেন্দ্রের তরফ থেকেও টুইটার ও ইউটিউবকে তাদের প্ল্যাটফর্ম থেকে এই বিতর্কিত বিজ্ঞাপন সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।
দিল্লি মহিলা কমিশনার স্বাতী মালিওয়াল অনুরাগ ঠাকুরকে লেখা ওই চিঠিতে জানান, “এই বিজ্ঞাপনটি স্পষ্টভাবে নারীদের বিরুদ্ধে যৌন সহিংসতা প্রচার করছে এবং পুরুষদের মধ্যে ধর্ষক মানসিকতাকে উৎসাহিত করছে। বিজ্ঞাপনটিকে গণমাধ্যমে প্রচার করার অনুমতি দেওয়া উচিত নয়”। শুধু তাই-ই নয়, সংশ্লিষ্ট সংস্থাকে জরিমানা করার দাবীও তোলে হয়েছে।
বলে রাখি, লেয়রস শট পারফিউম ও বডি স্প্রে-র দুটি বিজ্ঞাপন ঘিরে টুইটারে তুমুল ঝড় ওঠে। সমালোচনা করা হয় ওই বিজ্ঞাপনের। টুইটার ব্যবহারকারীদের দাবী, এই বিজ্ঞাপনগুলি ধ’র্ষ’ণের মানসিকতাকে প্রচার করছে। দু’টি বিজ্ঞাপন নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন যে এই ধরনের ঘৃণ্য বিষয়বস্তু কে অনুমোদন করেছেন? এমন পরিস্থিতিতে এবার টুইটার ও ইউটিউব থেকে এই বিজ্ঞাপনগুলি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হল।





