‘শাহরুখের বদলে সৌরভকে কেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার করা হচ্ছে না’, মমতাকে তোপ নিশীথের, পাল্টা জবাব দিলেন কুণালও

চারদিন কেটে গিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায় (Soura Ganguly) বিসিসিআই-এর সভাপতির (BCCI President) পদ হারিয়ছেন। কিন্তু তবুও এখনও এই নিয়ে নানান আলোচনা চলছেই। এই নিয়ে সৌরভ তেমন কিছু না বললেও, প্রতিদিনই কোনও না কোনও ব্যক্তিত্ব এই প্রসঙ্গ টানছেন। যদিও সৌরভ বলে দিয়েছেন যে তিনি সিএবি পদের জন্য লড়বেন।

এই প্রসঙ্গ নিয়ে নানান রাজনৈতিক নেতাদের নানান মন্তব্য এই বিষয়কে যেন এক অন্য মাত্রা দিয়েছে। বাংলার শাসকদলের দাবী, সৌরভ বাংলার মানুষ বলেই তাঁকে এভাবে বঞ্চিত হতে হয়েছে। অন্যদিকে, বিজেপির তরফে এর বিরোধিতা করা হয়েছে। শাসক দল রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্যই এমন মন্তব্য করছে, এমনটাই দাবী বিজেপির।

এবার এই তালিকায় যুক্ত হলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। সৌরভকে নিয়ে তৃণমূল নেতা বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নানান মন্তব্য করা নিয়ে নিশীথ বলেন, “উনি অতিরিক্ত বাড়াবাড়ি করছেন। সৌরভ বিসিসিআইয়ের সভাপতির পদ থেকে সরে গিয়েছেন, এটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা। সুযোগ সকলের জন্যই আসে, সকলেরই একটা পদে থাকার কিছু নির্দিষ্ট সময় আছে। আর উনি যদি বাংলার ছেলে সৌরভের জন্য এতটাই ব্যথা অনুভব করে থাকেন তাহলে উনি বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে শাহরুখ খানের বদলে সৌরভকে নিয়োগ করছেন না কেন”?

দু’দিন আগেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম আইসিসি-তে না পাঠানো নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এর পিছনে বিজেপির হাত রয়েছে। তাঁর কথায়, সৌরভ অত্যন্ত ভালো ছেলে তাই তিনি সবকিছু সহ্য করে গিয়েছেন। তাঁর সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তা মেনে নেওয়া যায় না। এই ঘটনাকে বাংলার অপমান বলে মন্তব্য করেছিলেন মমতা।

এদিন নিশীথের দাবী পাল্টা জবাব দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর কথায়, “সৌরভ গঙ্গোপাধ্যায় একজন যোগ্য ব্যক্তি তিনি আজ না হোক কাল কোনও একদিন বাংলা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতেই পারেন। তার জন্য শাহরুখকে কেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে এই নিয়ে প্রশ্ন ওঠাটা হাস্যকর। নিশীথ বাবু হয়তো ভুলে গিয়েছেন যে নরেন্দ্র মোদি একসময় অমিতাভ বচ্চনকে গুজরাটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে নিয়ে গিয়েছিলেন। তখন কি তার কোনও গুজরাটের খ্যাতনামা ব্যক্তিকে এই পদের জন্য চোখে পড়েনি। আমি বরং এই প্রশ্নের জবাব দিন যে সৌরভকে বিসিসিআই থেকে সরে যেতে হয়েছে কিন্তু অমিত শাহ পত্র এখনো কি করে নিজের পদ ধরে রেখেছেন”।

আরও অন্যান্য খবর