নিয়োগ দুর্নীতিতে হাত রয়েছে তার। সেই সন্দেহে উত্তর ২৪ পরগণার মামুদপুর কুলিয়াগড়ের বাসিন্দা এক মহিলাকে গ্রেফতার করল শিবদাসপুর থানার পুলিশ। ওই মহিলার বাড়ি থেকে প্রচুর মার্কশিট ও অ্যাডমিট কার্ড উদ্ধার হয়েছে বলে খবর। এই ঘটনায় সিবিআই তদন্তের দাবী তুলেছে বিজেপি।
জানা গিয়েছে, ধৃত ওই মহিলার নাম রুমা মজুমদার। তিনি মামুদপুর ৮ নম্বর বুথের বাসিন্দা। মামুদপুর পঞ্চায়েত উপপ্রধান হারান ঘোষের প্রতিবেশী ওই মহিলা। গতকাল, শুক্রবার আচমকাই ওই মহিলার বাড়িতে হানা দেয় পুলিশ। তার বাড়ি থেকে প্রচুর মার্কশিট ও অ্যাডমিট কার্ড উদ্ধার করা হয়।
পুলিশের দাবী, ওই মহিলা নিয়োগ দুর্নীতিতে জড়িত। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মুহূর্তে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করছে ইডি ও সিবিআই। তাহলে পুলিশ কেন ওই মহিলাকে গ্রেফতার করল? কোনও প্রমাণ ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে না তো? এ নিয়ে প্রশ্ন তুলে এই ঘটনায় সিবিআই তদন্তের দাবী তুলেছে বিজেপি।
নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যাতে এই মামলার তদন্ত করে ইডি ও সিবিআই। গত জুলাই মাসের শেষের দিকে নিয়োগ দুর্নীতি মামলার জেরে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। অর্পিতার দু’টি ফ্ল্যাট থেকে ৫০ কোটি টাকা ও প্রচুর সোনার গয়না উদ্ধার হয়। নিয়োগ দুর্নীতি মামলায় এছাড়াও শিক্ষা দফতরের একাধিক আধিকারিকদের গ্রেফতার করা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে।
তবে এদিনের এই গ্রেফতারি নিয়ে বেশ কিছু প্রশ্ন মাথাচাড়া দিয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিয়োগ দুর্নীতির তদন্ত করছে। তা সত্ত্বেও পুলিশ কেন রুমা নামের ওই মহিলার বাড়িতে হানা দিয়ে তাকে গ্রেফতার করল? তবে কী আসল সত্যিটা লুকানোর চেষ্টা চলছে? নাকি অন্য কোনও কারণ? এ নিয়ে সরব হয়েছে বিজেপি।





