লাইনে পরে একরত্তি এক শিশু কন্যা। ওপর দিয়েই চলে গিয়েছে একের পর এক দ্রুতগামী ট্রেন। কিন্তু কথায় আছে ‘রাখে হরি মারে কে’, সেটিই ফলে গেলো শিশুটির ক্ষেত্রেও। কিছু আঘাত পেলেও অক্ষত অবস্থাতেই শিশুটিকে খুঁজে পেলেন রেলকর্মীরা। আপাতত রেল হাসপাতালে রয়েছে সেই শিশুটি৷
ঘটনাটি ঘটেছে নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে ৪৫ কিমি দূরে তিন মাইল হাট এবং মাগুরজান স্টেশনের মাঝে। গত বৃহস্পতিবার রাতে রুটিন মাফিক লাইন যাচাই করছিলেন দুজন ট্র্যাকম্যান। সেসময়ই হঠাৎ তারা লাইনের ওপর পরে থাকতে দেখেন এক কাপড়ের পুটলী। সেই পুটলী খুলতেই চোখ ছানাবড়া ট্র্যাকম্যানদের। সেই কাপড়ের পুটলী খুলতেই দেখা যায় একটি শিশু কন্যা। এরপর সঙ্গে সঙ্গে রেলের উচ্চপদস্থ কর্তাদের খবর দেন সেই দুজন ট্র্যাকম্যান৷
এরপর তড়িঘড়ি সেই শিশু কন্যাটিকে নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে। এরপর ভোরের দিকে তাকে স্থানান্তরিত করা হয় রেল হাসপাতালে। চিকিৎসকেরা জানান যে আপাতত সুস্থ রয়েছে শিশুটি। তবে মাথায়, পিঠে, হাতে কিছু চোট রয়েছে। রেল হাসপাতালে ইতিমধ্যেই সমস্ত কর্মীদের চোখের মণি হয়ে উঠেছে সেই শিশু কন্যাটি। তবে তাকে কে বা কারা লাইনে ফেরে রেখে গেছেন তা এখনও জানা যায়নি। তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। শিশুটি পুরোপুরি সুস্থ হলে আপাতত তাকে হোমে পাঠানো হবে বলে জানানো হয়েছে রেল কর্তৃপক্ষের তরফে।





