কাল দল ছেড়েছেন আর আজ থেকেই মুখ খুলতে শুরু করেছেন তৃণমূলের প্রাক্তন মন্ত্রী তথা বাংলার প্রাক্তন ক্রিকেট অধিনায়ক লক্ষ্মীরতন শুক্লা। সূত্রের খবর, সদ্য প্রাক্তন মন্ত্রী এদিন বাক্য বিস্ফোরণ ঘটিয়েছেন। নিজের মন্ত্রিত্ব ছাড়ার পিছনের কারণ হিসেবে অভিযোগ করে জানিয়েছেন, সাড়ে ৪ বছরের তার মন্ত্রিত্বের কেরিয়ারে একটিও ফাইল আসেনি তাঁর কাছে। মন্ত্রী হওয়া সত্ত্বেও দেওয়া হয়নি কোনও প্রশাসনিক ক্ষমতা। প্রতিটা পদে কোনও কাজ করতে গেলে সম্মুখীন হতে হয়েছে বাঁধার।
প্রসঙ্গত উল্লেখযোগ্য, প্রায় ৬ মাস আগে লক্ষ্মীরতন শুক্লাকে হাওড়া শহর তৃণমূলের সভাপতি করা হয়। কিন্তু তাঁর দাবি, জেলা সভাপতি পরিবর্তন করা হলে জেলার দলীয় সংগঠনে পরিবর্তন করা হয়। সেই কথা মাথায় রেখেই তিনি দায়িত্ব নেওয়ার চারদিনের মধ্যে মন্ত্রী অরূপ রায় ও রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে নতুন তালিকা তৈরি করে সেটা দলের নেতৃত্বের কাছে পাঠিয়েছিলেন। কিন্তু তাঁর অভিযোগ, তার সুপারিশ অনুযায়ী এখনও পর্যন্ত একটা ব্লকের সভাপতি পর্যন্ত বদলা করা হয়নি। এবং জেলা স্তরে নতুন করে কোনও কমিটিও তৈরি করা হয়নি। এভাবেই তিনি এদিন ক্ষোভ প্রকাশ করেছেন।
তবে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলেন লক্ষ্মীরতন এই মুহূর্তে নিজের বিধায়ক পদ ছাড়ছেন না। তাঁর এই পদের মেয়াদ আরও ৪ মাসের মতো রয়েছে। এই পুরো সময়টা তিনি বিধায়ক হিসেবে মানুষের জন্য কাজ করে যেতে চান। এবার থেকে ক্রিকেট প্রশিক্ষণ ও ক্রিকেট প্রশাসনের ক্ষেত্রে আরও বেশি সময় দিতে চান লক্ষ্মীরতন শুক্লা।






